• facebook
  • twitter
Monday, 2 February, 2026

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের

 নিরাপত্তাজনিত কারণে ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত দিল্লির

 কিছুদিন আগেই ঢাকায় কর্তব্যরত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।এবার বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করা হল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।একটি সংবাদসংস্থা সূত্রে খবর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী বক্তৃতার পরিপ্রেক্ষিতেই এই তলব করা হয়েছে। পাশাপাশি ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

ভারত সরকার বুধবার দুপুর ২টো থেকে  ভিসাকেন্দ্রটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভ্যাক)-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও ওই বিবৃতিতে কতদিন এই ভিসাকেন্দ্র বন্ধ রাখা হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। বলা হয়েছে যে, যারা  ভিসার জন্য আবেদন করেছিলেন এবং বুধবারের স্লট বুক করেছিলেন তাঁদের জন্য নতুন করে তারিখ এবং সময় নির্ধারণ করা হবে।

Advertisement

হাসনাত আবদুল্লা তাঁর বক্তব্যে ‘সেভেন সিস্টার্স’কে ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করার কথা বলেছিলেন। তাছাড়া তিনি একথাও বলেন যে, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে বাংলাদেশ। এরপরেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত সরকার। সেই পরিপ্রক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে রিয়াজকে তলব করা হয়েছে।

Advertisement

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে। নির্বাচনেরপাশাপাশি সেদিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। নির্বাচন ঘোষণার পর থেকেই বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। বিভিন্ন নেতাদের মুখে  শোনা গিয়েছে ভারতবিরোধী বক্তৃতাও। এই পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ। ভোটের আগে আরও অশান্তি হতে পারে, সেই আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাস সম্প্রতি বিবৃতি জারি করেছে ।

গত রবিবার বাংলাদেশ বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, হাসিনা ভারত থেকে যেভাবে তাঁর সমর্থকদের সন্ত্রাসবাদী ক্রিয়াকর্মে জড়াতে আহ্বান জানিয়ে প্রতিনিয়ত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের  গণতন্ত্র এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। নির্বাচনের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বেড়েছে এই বিষয়টি নিয়ে। সেই কারণে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

ভারতের রাষ্ট্রদূত প্রণয় ঢাকার বিদেশমন্ত্রককে জানিয়েছেন যে ভারত চায় বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সংঘটিত হোক। এই ব্যাপারে বাংলাদেশ দিল্লির কাছ থেকে সবরকম সহযোগিতা পাবে। এই ঘটনার তিন দিন পরেই ভারত সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে

বাংলাদেশে ভারতের ভিসাকেন্দ্রটি ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত।বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ রাখার কথা বলা  হলেও এই বিষয়ে বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি। এই  বিষয়টি নিয়ে স্বাভাবিক কারণেই কৌতূহল তৈরি হয়েছে। যে নিরাপত্তাগত কারণের কথা বলে এই ভিসাকেন্দ্র বন্ধ রাখা হচ্ছে  তা যেমন ভারত স্পষ্ট করে বলেনি তেমনই বাংলাদেশ সরকারও এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

Advertisement