• facebook
  • twitter
  • youtube
Tuesday, 6 October, 2026

‘গণেশ, তোমার কাজ শেষ’, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ইন্ডি জোটের মিছিল, সেই মিছিল আটকাল পুলিশ

ইন্ডি জোটের দাবি, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং এসআইআর বাতিল করতে হবে। মিছিলে কংগ্রেস নেতারা আরও দাবি করেন, এসআইআর-এর সময় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ, তাঁদের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে

‘গণেশ, তোমার কাজ শেষ’, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ইন্ডি জোটের মিছিল, সেই মিছিল আটকাল পুলিশ

Image: SNS

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ঝাঁঝ আরও বাড়াল বিরোধী শিবির। এসআইআর-এর প্রতিবাদে মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করে যান বিরোধী সাংসদরা।

নির্বাচন সদনে পৌঁছনোর আগেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই অবস্থান-বিক্ষোভে বসেন বিরোধী নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী দলের সাংসদ এই বিক্ষোভে সামিল হয়েছেন।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে, খাড়গে জানান, তাঁদের আন্দোলন চলবে। ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই হিসেবেই এই আন্দোলনকে তুলে ধরেন তিনি।

খাড়গে বলেন, ‘এটা লড়াই। আমরা  এই লড়াই চালিয়ে যাব এবং এই চোরদের সরিয়ে দেব। গণতন্ত্র রক্ষায় আমরা সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। আমরা শুধুমাত্র গণতন্ত্রের জন্যই লড়ছি।‘

ইন্ডি জোটের দাবি, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং এসআইআর বাতিল করতে হবে। মিছিলে কংগ্রেস নেতারা আরও দাবি করেন, এসআইআর-এর সময় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ, তাঁদের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন বলেন, ‘আমাদের তিনটি মূল দাবি রয়েছে। জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। এসআইআর বাতিল করতে হবে এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করতে হবে।‘

এই বিক্ষোভের এক দিন আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহৃত ফর্ম ৬-এর কোনও রকম পরিবর্তনে অনুমোদন দেওয়া হয়নি। জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিসও দিয়েছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে আদালত।

তবে ফর্ম ৬ নিয়ে বিরোধীদের ব্যাখ্যা খারিজ করেছে নির্বাচন কমিশন। এসআইআর-এর ক্ষেত্রে ফর্ম ৬-এর সঙ্গে যুক্ত ঘোষণাপত্র আইন মেনেই বৈধভাবে ব্যবহার করা হয়েছে বলে কমিশনের দাবি।

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। তাঁর দাবি, ‘জ্ঞানেশ কুমার গা জোয়ারি করে ফর্ম ৬ পরিবর্তন করেছেন। অথচ আইন ছাড়া এই পরিবর্তন করা সম্ভব নয়।‘ সুপ্রিম কোর্টও এই ধরনের পরিবর্তন অনুমোদন করেনি বলে দাবি করেন তিনি।

কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমও বিজেপির তরফে কমিশনকে সমর্থনের সমালোচনা করেছেন। তাঁর কথায়, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেছেন, ‘আমরা ফর্ম ৬-এ কোনও পরিবর্তন অনুমোদন করিনি।‘

মিছিল থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, ২০১৭, ২০১৯, ২০২২ এবং ২০২৪ সালের নির্বাচনেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল।

মিছিল ঘিরে সংসদ চত্বর এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের আশপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। নির্বাচন সদনের দিকে বিরোধী সাংসদদের মিছিল এগিয়ে যাওয়া আটকাতেই এই ব্যবস্থা বলে জানা যায়।

খাড়গে অভিযোগ করেন, সরকারে প্রভাবেই নির্বাচন কমিশন কাজ করছে। তবে নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। খাড়গে জানান, তাঁদের আন্দোলন আরও জোরদার করা হবে।