• facebook
  • twitter
Thursday, 19 February, 2026

দিল্লির এআই সম্মলনে বক্তৃতা করছেন না গেটস

বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে গেটস ফাউন্ডেশন

জল্পনার অবসান। দিল্লির ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ বক্তৃতা দিচ্ছেন না বিল গেটস। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে গেটস ফাউন্ডেশন। বর্তমানে গেটস এই সমাজসেবী সংস্থার প্রধান।

বৃহস্পতিবার এআই সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা করার কথা ছিল গেটসের। কিন্তু তিনি বক্তৃতা করছেন না। তাঁর পরিবর্তে ফাউন্ডেশনের আফ্রিকা ও ভারতের দপ্তরের প্রধান অঙ্কুর ভোরা প্রতিনিধিত্ব করবেন।

Advertisement

 বিকেলে তাঁর বক্তৃতা করার কথা রয়েছে। সংস্থার পোস্টে জানানো হয়েছে, ‘সযত্নে ভাবনাচিন্তা করে এবং সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেটস স্বাগতভাষণ দিচ্ছেন না।‘ পাশাপাশি ভারতে স্বাস্থ্য ও উন্নয়নমূলক কাজে ফাউন্ডেশনের দায়বদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে।

Advertisement

গেটসকে ঘিরে বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের দাবি ছিল, সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে পুনর্বিবেচনা করছে কেন্দ্র। যদিও পরে ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান, গেটস নির্ধারিত সূচি অনুযায়ী যোগ দেবেন। এআই সম্মেলনে গেট্‌স-এর বক্তৃতা না-করার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা না হলেও মনে করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে এপস্টিন ফাইল সংক্রান্ত বিতর্ক।

এই প্রেক্ষাপটে উঠে এসেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে বিতর্ক। সদ্যপ্রকাশিত তথাকথিত ‘এপস্টিন ফাইল’-এ গেটসের সঙ্গে তাঁর যোগাযোগের উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়। একটি ইমেলে দাবি করা হয়েছে, রুশ মহিলাদের শয্যাসঙ্গী হওয়ার পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন গেট্‌স।

তার পর নাকি তিনি গোপনে স্ত্রী মিলিন্দা গেট্‌সকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন! এপস্টিন ফাইলে তাঁর নাম প্রকাশিত হতেই সমাজমাধ্যমে মাইক্রোসফ্‌ট-এর প্রতিষ্ঠাতাকে নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও গেটস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় এবং সাক্ষাতের কথা স্বীকার করে নেন গেটস। তবে মহিলাসঙ্গের কথা অস্বীকার করেন। এপস্টিন সম্পর্কে তিনি বলেন, ‘ওঁর সঙ্গে কাটানো প্রত্যেকটি মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।’

উল্লেখ্য, সম্মেলনে যোগ দিতে তিনি আগেই ভারতে এসেছিলেন এবং অন্ধ্রপ্রদেশে পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে। সে রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশের সঙ্গেও বৈঠক করেন গেটস।তবে শেষ পর্যন্ত দিল্লির এআই সম্মেলনে তিনি বক্তৃতা করছেন না বলেই জানাল ফাউন্ডেশন।

Advertisement