• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

পেরাম্বুর রেল স্টেশনে স্যুটকেসে মিলল খণ্ডবিখণ্ড দেহ, চেন্নাইতে চাঞ্চল্য

প্রথমে পুলিশ ভেবেছিল, কোনও যাত্রী হয়তো ভুলবশত ব্যাগটি ফেলে গিয়েছেন।

চেন্নাইয়ের অন্যতম ব্যস্ত রেল স্টেশন পেরাম্বুরে একটি পরিত্যক্ত স্যুটকেস থেকে উদ্ধার হল খণ্ডবিখণ্ড দেহ। স্টেশন চত্বর থেকে দেহ উদ্ধারের পরে সেখানে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে প্ল্যাটফর্ম নম্বর ৪-এর কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করতে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।

পুলিশ সূত্রের খবর, এদিন কয়েকজন যাত্রী প্ল্যাটফর্মের সিঁড়ির কাছে একটি নীল রঙের ট্রলি ব্যাগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে দেখেন। সেটা দেখে যাত্রীদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। প্রথমে পুলিশ ভেবেছিল, কোনও যাত্রী হয়তো ভুলবশত ব্যাগটি ফেলে গিয়েছেন। তবে ব্যাগটি সরানোর সময় পুলিশের সন্দেহ হয়।

পুলিশ ব্যাগটি খুলতেই শিউরে ওঠে। পুলিশ ব্যাগের ভিতর থেকে এক যুবকের খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করেছে। পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। দেহটি একটি লাল প্লাস্টিকের চাদরে মুড়ে প্রথমে একটি বস্তার মধ্যে রাখা হয়েছিল। তারপরে সেটি ট্রলি ব্যাগে ভরে তালাবন্ধ করা হয় বলে পুলিশের অনুমান।

পুলিশ জানিয়েছে,  ওই ব্যক্তির মাথা, হাত এবং পা টুকরো টুকরো অবস্থায় ছিল। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তকারীরা মৃতের পরিচয় জানার পাশাপাশি কীভাবে এবং কেন তাঁকে হত্যা করা হল তা জানতে তদন্ত শুরু করেছে।

স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। ফুটেজে দেখা গিয়েছে, দু’জন ব্যক্তি একটি রিকশায় করে স্যুটকেসটি নিয়ে স্টেশনে আসেন। তাঁরা ব্যাগটি প্ল্যাটফর্মে রেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের পরিচয় জানার চেষ্টা করছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে স্টেশনের বাইরে অন্য কোথাও খুন করা হয়েছে। এরপরে দেহ টুকরো টুকরো করে স্যুটকেসে ভরে স্টেশনে এনে ফেলে রাখা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, ফরেনসিক রিপোর্ট এলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে।