আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তে আরও এক ধাপ এগোল ইডি। এবার তলব করা হয়েছে ভোটকৌশল সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ঋষি রাজ সিংকে। তাঁকে সোমবার দিল্লির সদর দপ্তরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঋষি রাজ সিং আইআইটি কানপুরের প্রাক্তনী। ইঞ্জিনিয়ারিং পাশ করে এইচএসবিসি, ক্রেডিট সুইসের মতো ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের নামজাদা প্রতিষ্ঠানে কাজ করেছেন। আইপ্যাকের সূচনালগ্ন থেকেই তিনি সংস্থার সঙ্গে যুক্ত।
Advertisement
সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স (সিএজি) থেকে তৈরি হওয়া আই-প্যাকের গুরুত্বপূর্ণ সদস্য ঋষি বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। বিভিন্ন রাজ্যে একাধিক নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করেছেন। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৪ লোকসভা নির্বাচন এবং ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআরসিপি-র হয়ে কাজ করেছেন তিনি।
Advertisement
এর আগে একই মামলায় আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে ইডি। দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলার ভিত্তিতে অর্থ পাচার প্রতিরোধ আইন বা পিএমএলএ-র আওতায় তদন্ত চলছে। আদালতে ইডি জানিয়েছে, সংস্থার প্রায় ৩৩ শতাংশ শেয়ারহোল্ডার ছিলেন বিনেশ।
কয়লা মামলার অংশ হিসেবে এর আগেই কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার অন্যতম কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে। গত সপ্তাহেই প্রতীকের ভাই এবং স্ত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই ঘটনাপ্রবাহকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে, আইপ্যাক জানিয়েছে তারা আইনি প্রক্রিয়াকে সম্মান করে এবং তদন্তে সহযোগিতা করছে। যদিও আইপ্যাকের কর্মীদের সাময়িক ছুটিতে পাঠানো নিয়ে জল্পনা শুরু হয়েছিল, শাসকদল দাবি করেছে—ভোটের সময়েও আইপ্যাক তাদের সঙ্গেই কাজ করবে।
Advertisement



