দিল্লি-এনসিআরে অ্যাপভিত্তিক ক্যাব, বাইক ট্যাক্সি ও রাইড-হেলিং পরিষেবায় মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে এবার কড়া পদক্ষেপ করল দিল্লি হাইকোর্ট। ওলা, উবার এবং র্যাপিডোর কাছে জবাব চেয়ে নোটিস জারি করেছে আদালত। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারকেও এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের বক্তব্য, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়া বেসরকারি পরিবহণ সংস্থাগুলির যাত্রী নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট দায়বদ্ধতা থাকা প্রয়োজন। সেই জবাবদিহি নিশ্চিত করতেই নোটিস পাঠানো হয়েছে।
এক ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলায় দিল্লি-এনসিআরের অ্যাপভিত্তিক পরিবহণ পরিষেবার নিরাপত্তাব্যবস্থায় সংস্কারের দাবি জানানো হয়েছে। মামলাকারীর আইনজীবীর দাবি, এই অঞ্চলে প্রতিদিন দুই লক্ষেরও বেশি অ্যাপ ক্যাব চলাচল করে। কিন্তু বিশেষ করে গভীর রাতে চালক ও গাড়ির পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে একাধিক ঘাটতি রয়েছে। এর ফলে যাত্রীদের, বিশেষত মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
আবেদনে চালক এবং গাড়ির কড়া যাচাইয়ের দাবি জানানো হয়েছে। অ্যাপে যে চালক ও গাড়ির তথ্য দেখানো হচ্ছে, বাস্তবে যাত্রীর কাছে একই চালক ও গাড়ি পৌঁছচ্ছে কি না, তা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। কোনও বুকিংয়ে অননুমোদিত বা অপরিচিত চালক কিংবা গাড়ি দেখা গেলে জরিমানা ছাড়াই যাত্রীকে যাত্রা বাতিলের অধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। এমন ঘটনাকে নিরাপত্তা লঙ্ঘন হিসেবে নথিভুক্ত করার প্রস্তাব রয়েছে।
মামলায় ২৪ ঘণ্টার জরুরি কমান্ড সেন্টার এবং জরুরি সহায়তা ব্যবস্থার দাবিও জানানো হয়েছে। কোনও যাত্রী বিপদে পড়ে জরুরি বোতাম চাপলে বা সতর্কবার্তা পাঠালে, তাঁর গোপনীয়তা বজায় রেখে বুকিংয়ের তথ্য, চালকের পরিচয়, গাড়ির নম্বর এবং তাৎক্ষণিক অবস্থান সরাসরি পুলিশ ও জরুরি পরিষেবার কাছে পৌঁছে দেওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া নির্ধারিত পথ থেকে গাড়ি বড়সড়ভাবে সরে গেলে স্বয়ংক্রিয় সতর্কবার্তা, চালকদের নিয়মিত লিঙ্গ-সংবেদনশীলতা প্রশিক্ষণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নজরদারির দাবিও করা হয়েছে। মহিলা যাত্রীদের জন্য যাচাই করা মহিলা চালকদের পৃথক তালিকা তৈরির প্রস্তাবও রয়েছে, যাতে পরিষেবা উপলব্ধ থাকলে একা যাতায়াতকারী মহিলা নিজের পছন্দ অনুযায়ী মহিলা চালক বেছে নিতে পারেন।
অ্যাপভিত্তিক পরিবহণ এখন শহুরে যাতায়াতের গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিষেবায় যাত্রী নিরাপত্তা, বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে দিল্লি হাইকোর্টের এই নোটিস গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।




