• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

সিবিএসই-র পোর্টালে সাইবার অ্যাটাক,  দিল্লি পুলিশের কাছে দায়ের অভিযোগ

মূলত ব্যবহারকারীদের পরিষেবা থেকে বঞ্চিত করে তথ্য সংগ্রহ করারই ছিল তাদের উদ্দেশ্য।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সিবিএসই-র পোস্ট-রেজাল্ট সার্ভিসেস পোর্টালে ধারাবাহিকভাবে সাইবার হামলার অভিযোগে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড। শুক্রবার এই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। তবে বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, হামলার চেষ্টা হলেও তাদের কোনও তথ্য ফাঁস হয়নি।

বোর্ডের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস ইউনিট মামলা রুজু করেছে। সিবিএসই জানিয়েছে, গত তিনদিন ধরে তাদের পোস্ট-রেজাল্ট সার্ভিসেস পোর্টালকে লক্ষ্য করে একাধিকবার সাইবার হামলা চালানো হয়েছে।

এই পোর্টালটি দেশের লক্ষাধিক ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে উত্তরপত্র যাচাই, নম্বর পুনর্মূল্যায়ন এবং অন্যান্য ফলাফল-সংক্রান্ত পরিষেবার জন্য শিক্ষার্থীরা এই পোর্টাল ব্যবহার করে।

সিবিএসই-এর দাবি, হামলাকারীরা দেশ-বিদেশের বিভিন্ন আইপি অ্যাড্রেস ব্যবহার করেছিল। তাদের উদ্দেশ্য ছিল পোর্টালটির স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত করা যায়। মূলত ব্যবহারকারীদের পরিষেবা থেকে বঞ্চিত করে তথ্য সংগ্রহ করারই ছিল তাদের উদ্দেশ্য।

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পোর্টাল দেশের লক্ষাধিক শিক্ষার্থী ব্যবহার করে। এর কার্যক্রমে ব্যাঘাত ঘটলে বহু ছাত্রছাত্রী ও অভিভাবক সমস্যায় পড়তে পারেন। আর যেটা একেবারেই কাম্য নয়।

উল্লেখ্য, গত ২ জুন থেকে এই পোর্টাল চালু করা হয়েছিল। মূলত, দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাই ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণের জন্য এই পোর্টালটি চালু করা হয়। বোর্ড আরও জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে সিবিএসই জানিয়েছে, তাদের সমস্ত ডেটাবেস ও প্রযুক্তিগত পরিকাঠামো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।