• facebook
  • twitter
Thursday, 26 February, 2026

চুংথাং–লাচেন সড়ক ও ৪০০ ফুট সেতুর উদ্বোধন প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর

উত্তর সিকিমে চুংথাং–লাচেন সড়ক ও ৪০০ ফুট তারাম চু সেতুর উদ্বোধন করলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। বিপর্যয়ের পর যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নতি।

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর উত্তর সিকিমে যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বৃহস্পতিবার চুংথাং–লাচেন অক্ষ এবং ৪০০ ফুট দীর্ঘ বেইলি সাসপেনশন তারাম চু সেতুর উদ্বোধন করেন। এই গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুটি পুনর্নির্মাণ করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন।

প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের মে–জুন মাসে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি, ২০২৪ সালের জুনে ঘূর্ণিঝড় রেমাল এবং ২০২৩ সালের অক্টোবর মাসে হিমবাহ হ্রদের আকস্মিক জলবিস্ফোরণের ফলে উত্তর সিকিমের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের ক্ষেত্রে এই প্রকল্প একটি বড় সাফল্য।

Advertisement

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এই কাজের জন্য বর্ডার রোডস অর্গানাইজেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘উত্তর সিকিমের পরিকাঠামো উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সড়ক ও সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রকল্প স্বস্তিকের আওতায় বর্ডার রোডস অর্গানাইজেশন ৯৬টি ভূমিধস পরিষ্কার করেছে। পাশাপাশি চারটি বড় সেতু নির্মাণ এবং আরও দুটি সেতু মেরামত করা হয়েছে।

Advertisement

এছাড়াও, প্রকৌশলীরা আট কিলোমিটার নতুন রাস্তা তৈরি করেছেন। বিপজ্জনক ও ধসে পড়া এলাকার পাশ দিয়ে বিকল্প পথ নির্মাণ করেছেন। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ৭.৫ কিলোমিটার নাগা–টুং অংশ খুলে দেওয়া হয়েছিল, যা এই অঞ্চলের যোগাযোগ আরও শক্তিশালী করেছে। সম্পূর্ণ হওয়া ২৮ কিলোমিটার দীর্ঘ চুংথাং–লাচেন সড়ক এবং তারাম চু সেতু স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে এই সড়ক চালু হওয়ায় পর্যটন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সিকিম সরকারের সমাজকল্যাণমন্ত্রী সামদুপ লেপচা, ত্রিশক্তি কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মন রাজ সিং মান, এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) জিতেন্দ্র প্রসাদ সহ একাধিক প্রশাসনিক ও সামরিক আধিকারিক উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সঞ্জয় শেঠ বলেন, ‘সিকিমে নির্মিত এই সেতু শুধু একটি সেতু নয়, এটি সীমান্তে অবস্থিত আমাদের প্রথম গ্রামের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বিশ্বাসের প্রতীক।’

Advertisement