• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

মেট্রো স্টেশন খুলে দেওয়ার হুঁশিয়ারি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টে এই বিষয়টি তোলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং। তিনি প্রধান বিচারপতি সূর্য কান্তকে জানান, সকাল সাড়ে সাতটা থেকে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধ থাকায় আইনজীবী, আদালতেরর কর্মী এবং বিচারপ্রার্থীরা সময়মতো আদালতে পৌঁছতে পারছেন না

মেট্রো স্টেশন খুলে দেওয়ার হুঁশিয়ারি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির

Image: SNS

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবং সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে রাজধানীর বুকে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। গত সোমবার সাংসদ চলো অভিযানের ডাক দেয় সিজেপির সমর্থকরা। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। বিক্ষোভের কারণে নিরাপত্তার স্বার্থে ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। বন্ধ থাকা স্টেশনগুলির মধ্যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনও রয়েছে। যার ফলে আদালতে যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দেয়।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টে এই বিষয়টি তোলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং। তিনি প্রধান বিচারপতি সূর্য কান্তকে জানান, সকাল সাড়ে সাতটা থেকে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধ থাকায় আইনজীবী, আদালতেরর কর্মী এবং বিচারপ্রার্থীরা সময়মতো আদালতে পৌঁছতে পারছেন না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি দিল্লি মেট্রো রেলকে স্পষ্ট বার্তা দেন, দুপুরের মধ্যে স্টেশনটি খুলে না দিলে আদালত প্রয়োজনীয় হস্তক্ষেপ করবে।

এদিকে, ককরোচ জনতা পার্টি ২০ জুলাই থেকে চলো সংসদ কর্মসূচি শুরু করেছে। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে ডাকা আন্দোলনে বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ সামিল হন। একই দাবিতে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক টানা ২৫ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন।

গত সোমবার চলো সংসদ অভিযান ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ অতিরিক্ত কড়া পদক্ষেপ নিয়েছে। এর প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করার কথা বলা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমআরসি রাজধানীর কেন্দ্রীয় এলাকার একাধিক স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সংস্থা থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী বন্ধ রাখা ১৬টি স্টেশন হল—লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, খান মার্কেট, ইন্দ্রপ্রস্থ, জোড় বাগ এবং শিবাজী স্টেডিয়াম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্টেশনগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ।