• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

গো-হত্যায় মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, মামলা গেল শীর্ষ আদালতে

তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দায়ের করা পিটিশনে জানিয়েছে, হাইকোর্টে যিনি মামলা করেছিলেন তিনি গোটা রাজ্যের জন্য গো-হত্যা বন্ধের আবেদন জানাননি।

গো-হত্যায় মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, মামলা গেল শীর্ষ আদালতে

Photo: File Photo

গো-হত্যায় মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গেল সুপ্রিম কোর্টে। এ নিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছে তামিলনাড়ুর জোসেফ বিজয়ের সরকার। এর আগে গো-হত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এবার সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে মামলা করল বিজয়ের সরকার। সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর সরকার একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে।

তামিলনাড়ু সরকারের বক্তব্য, তামিলনাড়ুতে গো-হত্যা সংক্রান্ত যে আইন রয়েছে, তার সঙ্গে হাইকোর্টের নির্দেশের কোনও মিল নেই। সেই আইনে বলা হয়েছে, ১০ বছরের বেশি বয়সি যে সব গরু কোনও কাজ করতে অক্ষম, শুধুমাত্র সেই সব গরুকেই জবাই করা যায়। এর পাশাপাশি সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার আরও কয়েকটি আইনের উল্লেখ করেছে। তাদের অভিযোগ, হাইকোর্ট গো-হত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে রাজ্যের আইনসভার কাজে হস্তক্ষেপ করছে।

তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দায়ের করা পিটিশনে জানিয়েছে, হাইকোর্টে যিনি মামলা করেছিলেন তিনি গোটা রাজ্যের জন্য গো-হত্যা বন্ধের আবেদন জানাননি। কিন্তু মাদ্রাজ হাইকোর্ট নিজের এক্তিয়ারের বাইরে কাজ করছে। হাইকোর্টের নির্দেশের মধ্যে স্ববিরোধিতা রয়েছে বলে তামিলনাড়ু সরকার দাবি করেছে।

উল্লেখ্য, এর আগে কোয়েম্বাটুরের বাসিন্দা কে সূর্য প্রশান্ত গো-হত্যা বন্ধ করার দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে বিচারপতি জিআর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের অবসরকালীন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের অতিরিক্ত ডিজিকে নির্দেশ দিয়ে জানান, তামিলনাড়ুতে গো-হত্যা শীঘ্রই বন্ধ করতে হবে।

হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, গো-বাছুর হত্যা বন্ধ হলে রাজ্যের উৎপাদন বাড়বে। এর ফলে গ্রামীণ অর্থনীতিরও উন্নতি হবে। তবে মাদ্রাজ হাইকোর্টের এই সিদ্ধান্তকে মানতে চায়নি তামিলনাড়ুর সরকার। তাই তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দারস্থ হল বিজয়ের সরকার।