বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির দায়ের করা গার্হস্থ্য হিংসার অভিযোগে বড় পদক্ষেপ করল মুম্বাই পুলিশ। অভিনেত্রীর স্বামী পিটার হাগের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অস্ট্রিয়ার নাগরিক পিটার হাগের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ৮৫, ১১৫(২), ৩৫১(২) এবং ৩৫২ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে মানসিক ও শারীরিক নির্যাতন, ভয় দেখানো এবং ধারাবাহিক হেনস্থা। পাশাপাশি গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন, ২০০৫-এর অধীনেও মামলার প্রক্রিয়া চলছে।
Advertisement
তদন্তকারী আধিকারিকদের দাবি, তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠায় পিটার হাগের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। সাধারণত কোনও অভিযুক্ত তদন্ত এড়িয়ে যেতে পারেন বা দেশ ছাড়ার আশঙ্কা থাকলে এই ধরনের পদক্ষেপ করা হয়।
Advertisement
কিছু দিন আগেই নিজের এক সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে একটি আবেগঘন দৃশ্য সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সেলিনা জেটলি। সেখানে তিনি দাবি করেছিলেন, প্রয়াত সন্তান শমশের ছাড়া অন্য সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না তিনি। সেই ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।
প্রসঙ্গত, ২০১০ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী এবং হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। ২০১২ সালে তাঁদের যমজ পুত্রসন্তানের জন্ম হয়। পরে ২০১৭ সালে ফের যমজ সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তবে হৃদরোগজনিত সমস্যায় তাঁদের এক সন্তানের মৃত্যু হয়।
গত বছরের নভেম্বর মাসে সেলিনা জেটলি স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে।
এখনও পর্যন্ত পিটার হাগ বা তাঁর আইনজীবীদের তরফে এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং একাধিক সাক্ষীর বয়ান সংগ্রহ করা হচ্ছে।
Advertisement



