• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

৩০ জুলাই তিন রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

দেশের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাতের মাঞ্জালপুর।

৩০ জুলাই তিন রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

Photo Source- IANS

দেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুলাই বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাতের একটি করে বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৩ আগস্ট।

 

যে তিনটি কেন্দ্রে উপনির্বাচন হবে, সেগুলি হল— বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাতের মাঞ্জালপুর।

বিহারের বাঁকিপুর আসনটি খালি হয়েছে বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায়। অন্যদিকে, মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতী পদচ্যুত হওয়ার পর। আর গুজরাতের মাঞ্জালপুর আসনে ভোট হচ্ছে বিজেপি বিধায়ক যোগেশভাই নারানদাস পটেল-এর মৃত্যুর কারণে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তিন রাজ্যেই নির্ধারিত সূচি মেনে উপনির্বাচন সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধিও ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যদিও রাজ্যের একটি লোকসভা কেন্দ্র ও ২ বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচন করার দাবি করেছে রাজ্য বিজেপি।

যার মধ্যে একটি রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র। ২০২৪ সালে সেখানে তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল প্রায় ৩.৭০ লক্ষ ভোটে জিতলেও ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর আচমকা প্রয়াত হওয়ার পরে ওই আসনটি খালি পড়ে রয়েছে। অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ও রেজিনগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম ২ আসন থেকে জয়ী হয়েছিলেন। ভবানীপুর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। পরে ভবানীপুর আসনটি ধরে রাখায় বর্তমানে নন্দীগ্রামে উপনির্বাচনের প্রয়োজন রয়েছে।  অন্যদিকে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর থেকেই জয়ী হয়েছিলেন। কিন্তু নওদা আসনটি ধরে রাখার কারণে রেজিনগরে উপনির্বাচনের প্রয়োজন রয়েছে।  এখন দেখার রাজ্যের এই তিন কেন্দ্রে কবে নাগাদ উপনির্বাচন ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে।