প্রায় তিন বছর ধরে দেশজুড়ে আলোচিত মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিজেপি সাংসদ ব্রীজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় তাঁকে বেকসুর খালাস দেয়। একই সঙ্গে মামলার অপর অভিযুক্ত, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমরকেও সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। কুস্তিগীর বিনেশ ফোগাট, সাক্ষী মালিকেরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেন।
দিল্লির রাউস অ্যাভিনউ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার ব্রিজভূষণের মুক্তির নির্দেশ দিয়েছেন। দুই পক্ষের শুনানি এবং সাক্ষীর বয়ানের ভিত্তিতে এই নির্দেশে দেওয়া হয়েছে। এই মামলায় কুস্তিগীরদের হয়ে সওয়াল করেছিলেন সিনিয়র আইনজীবী রেবেকা জন। ব্রিজভূষণের হয়ে মামলা লড়েন আইনজীবী রাজীব মোহন।
ব্রিজভূষণের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি ও ৫০৬(১) নম্বর ধারায় মামলা দায়ের হয়েছিল। তোমরের বিরুদ্ধে ১০৯ ধারায় মামলা রুজু হয়েছিল। দু’জনেই অবশ্য জামিনে ছিলেন। এবার মুক্তি পেলেন তাঁরা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর কিশোরীর উপর থেকে মামলা তুলে নিল দিল্লি পুলিশ
২০২৪ সালে দেশের শীর্ষ মহিলা কুস্তিগীরদের আন্দোলনের জেরে এই মামলা জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। অলিম্পিক ও আন্তর্জাতিক স্তরের একাধিক পদকজয়ী কুস্তিগীর ব্রীজভূষণের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। অভিযোগ ছিল, ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে একাধিক মহিলা কুস্তিগীরকে হেনস্থা করেছিলেন। তার মধ্যে একজন নাবালিকাও ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।
২০২৩ সালের জুলাই মাসে দিল্লি পুলিশ প্রায় দেড় হাজার পাতার চার্জশিট আদালতে জমা দেয়।ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার সময়েই পকসো মামলাটি বাতিলের আর্জি জানিয়ে রিপোর্ট জমা দেয় পুলিশ। অভিযোগকারিণী নাবালিকা এবং তার পিতাকে নোটিস দেয় আদালত। ২০২৩ সালের আগস্টে তাঁরা আদালতে হাজিরা দেন। পুলিশের রিপোর্টে তাঁদের আপত্তি নেই বলেন জানান তাঁরা। তার ভিত্তিতে পকসো মামলা থেকে ব্রিজভূষণকে (Brij Bhushan Sharan Singh) রেহাই দেয় আদালত।
দীর্ঘ শুনানি ও বিচারপর্বের শেষে সোমবার রাউস অ্যাভিনিউ আদালত জানায়, ব্রীজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) এবং বিনোদ তোমরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাঁদের সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সেন্ট্রাল লকআপে বাড়ছে নজরদারি, বন্দিদের কথোপকথন রেকর্ড করতে লালবাজারে বসছে নতুন সিসিটিভি
রায় ঘোষণার পর আদালত চত্বরেই প্রতিক্রিয়া জানান ব্রীজভূষণ (Brij Bhushan Sharan Singh)। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যখন যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, তখনই বলেছিলাম অভিযোগ প্রমাণিত হলে আমি নিজেই গলায় দড়ি দেব। আজ আদালত আমাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আদালত ‘সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হল’— এই শব্দবন্ধও ব্যবহার করেছে।”
এই মামলাকে ঘিরে ২০২৩ সালে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছিলেন দেশের শীর্ষ কুস্তিগীরেরা। তাঁদের অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের এই রায়ে সেই বহুচর্চিত মামলার আইনি পর্বে গুরুত্বপূর্ণ ইতি টানা হল। তবে এই রায়কে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও ক্রীড়া মহলে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।




