• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

বিজেপি ছাড়ার জল্পনায় আন্নামালাই, তামিল রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

২০২১ থেকে ২০২৫ পর্যন্ত তামিলনাড়ু বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন আন্নামালাই

বিজেপি ছাড়ার জল্পনায় আন্নামালাই, তামিল রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি কে আন্নামালাইকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বিজেপির সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্যের জেরে তিনি দল ছাড়তে পারেন। এমনকি নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে আলোচনা শুরু হয়েছে তামিল রাজনীতিতে। যদিও এই বিষয়ে আন্নামালাই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

২০২১ থেকে ২০২৫ পর্যন্ত তামিলনাড়ু বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন আন্নামালাই। কিন্তু তাঁর নেতৃত্বে রাজ্যে বিজেপি প্রত্যাশিত সাফল্য পায়নি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোয়েম্বাটুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন। সম্প্রতি বিধানসভা নির্বাচনেও হতাশাজনক ফল হয় বিজেপির। এতে রাজ্য সংগঠনের ভিতরে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

দলীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরে বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছিল আন্নামালাইয়ের। কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে তিনটি ভাষা বাধ্যতামূলকভাবে শেখানোর প্রস্তাবে তিনি প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন। পাশাপাশি তামিলনাড়ুতে বিজেপি ও এআইএডিএমকের সম্ভাব্য জোট নিয়েও তাঁর অবস্থান দলের একাংশের সঙ্গে মেলেনি।

এর মধ্যেই তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় নায়নার নগেন্দ্রনকে। নির্বাচনে আন্নামালাইকে প্রার্থীও করা হয়নি। যদিও পরে তিনি দাবি করেন, ভোটে না লড়ার সিদ্ধান্ত তাঁর নিজেরই ছিল। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর সমর্থকদের একাংশ নতুন দল গঠনের সম্ভাবনা নিয়ে প্রচার শুরু করেছেন। সম্ভাব্য দলের নাম ও প্রতীক নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আবার রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, আন্নামালাইকে দলে ধরে রাখতে বিজেপি তাঁকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বা সাংসদ পদে দায়িত্ব দিতে পারে। এমনকি তাঁকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনাও নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্নামালাইয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা যতই বাড়ুক, তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর তামিলনাড়ু তথা জাতীয় রাজনীতির।