কেন-বেতওয়া নদী সংযুক্তি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ অমিত ভাটনগর ১৮ দিনের অনশন প্রত্যাহার করলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের শহর বিজাওয়াড়ায় ফিরে মায়ের অনুরোধে তিনি অনশন ভাঙেন বলে জানিয়েছেন তাঁর ভাই অঙ্কিত।
সংবাদসংস্থাকে অঙ্কিত জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অমিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তিনি বিজাওয়াড়ায় ফিরে আসেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই, বিশেষ করে মায়ের অনুরোধে, দীর্ঘ ১৮ দিনের অনশন শেষ করার সিদ্ধান্ত নেন তিনি।
কেন-বেতওয়া নদী সংযুক্তি প্রকল্পের বিরোধিতা করে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন আদিবাসীরা। তাঁদের অভিযোগ, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিস্তীর্ণ এলাকার বনভূমি ক্ষতিগ্রস্ত হবে, কাটা পড়বে বহু গাছ এবং বহু আদিবাসী পরিবারকে বাস্তুচ্যুত হতে হবে। এর ফলে তাঁদের জীবন-জীবিকা ও সংস্কৃতির উপরও মারাত্মক প্রভাব পড়বে বলে দাবি আন্দোলনকারীদের।
এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন অমিত ভাটনগর। তবে পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয় এবং বিক্ষোভ কর্মসূচি তুলে দেওয়া হয়। আন্দোলন আপাতত স্থগিত হলেও কেন-বেতওয়া প্রকল্প ঘিরে স্থানীয়দের উদ্বেগ ও ক্ষোভ এখনও বজায় রয়েছে।




