নিটের পরে এবার কাঠগড়ায় টেট। পরীক্ষার আগেই টেট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। তাও আবার বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আগামী রবিবার মহারাষ্ট্রে অনুষ্ঠিত টেট পরীক্ষা স্থগিত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই মহারাষ্ট্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানেতে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার করে। অভিযান চলাকালীন পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এরপরেই প্রশাসনের তরফে আগামী রবিবারের পরীক্ষা স্থগিত করে দেওয়ার কথা জানানো হয়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, পুলিশ তদন্তের সময়ে দেখতে পায়, বাজেয়াপ্ত করা প্রশ্নপত্রের মধ্যে বেশিরভাগ প্রশ্নই আগামী রবিবারে টেটের প্রশ্নপত্রে রয়েছে। পুলিশ থানায় একটি মামলা রুজু করে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে ফের কবে সেই পরীক্ষা হবে, তা এখনও জানা যায়নি। মহারাষ্ট্র স্টেট এক্সামিনেশন কাউন্সিল জানিয়েছে, তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পরে টেট পরীক্ষার নতুন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৩ মে প্রশ্নফাঁসের অভিযোগে নিট পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডকে ঘিরে রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। নিট পরীক্ষা বাতিল হওয়ার পরে বেশ কয়েকজন পরীক্ষার্থীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এরপরে এনটিএ বা জাতীয় পরীক্ষা সংস্থা ২১ জুন ফের নিট পরীক্ষার দিন ঘোষণা করে। আপাতত গত ২১ জুন নির্বিঘ্নেই সম্পন্ন হয় নিট পরীক্ষা। এবার সেই রেশ কাটতে না কাটতেই নিটের পরে খবরের শিরোনামে উঠে এল শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট।




