• facebook
  • twitter
Tuesday, 3 February, 2026

বুলেট ট্রেনের জন্য দেশজুড়ে ৭ জোড়া নতুন রেলপথ, জানালেন রেলমন্ত্রী

সোমবার সংবাদমাধ্যমের সামনে সেই রেলপথ নির্মাণের ঘোষণা করলেন রেলমন্ত্রী

বুলেট ট্রেন (File Photo: IANS)

হাইস্পিড বা উচ্চগতি সম্পন্ন ট্রেন চালানোর জন্য দেশজুড়ে ৭ জোড়া নতুন রেলপথ তৈরি হবে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় -অর্থমন্ত্রী  নির্মলা সীতারামন  দেশে সাতটি হাই স্পিড রেল করিডোরের নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। সোমবার সংবাদমাধ্যমের সামনে সেই রেলপথ নির্মাণের ঘোষণা করলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বুলেট ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে ছুটবে। যা সাধারণ ট্রেনের গতিবেগের তুলনায় অনেক বেশি। বর্তমানে যে রেললাইনগুলি রয়েছে সেগুলি বুলেট ট্রেন চলাচলের জন্য উপযুক্ত নয়। সে কারণেই দেশজুড়ে তৈরি হচ্ছে সাতজোড়া নতুন রেলপথ। প্রথমে বাংলার শিলিগুড়ি পর্যন্ত চললেও ভবিষ্যতে হাইস্পিড বুলেট ট্রেন যাবে অসমের গুয়াহাটি পর্যন্ত। সোমবার রেলভবনে সাংবাদিকদের মুখোমুখি হন রেলমন্ত্রী।

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রক বাজেটে বাংলার প্রতি বঞ্চনা করেছে, রাজ্যের শাসক দল তৃণমূলের তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বৈষ্ণব। রেলমন্ত্রী জানিয়েছেন, বাংলার জন্য এবার প্রায় ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যা গতবারের তুলনায় যা ২৫০ কোটি টাকা বেশি। রেলমন্ত্রীর দাবি, রেলমন্ত্রকের জন্য 2025-26 অর্থবর্ষের তুলনায় ১০.৮ শতাংশ বেশি অর্থ বরাদ্দ হয়েছে। ২০২৬-২৭অর্থবর্ষে রেলমন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। পাশাপাশি কলকাতা মেট্রোর সম্প্রসারণে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রেলমন্ত্রী।

Advertisement

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় হাতির মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। এ প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেনে দুর্ঘটনায় হাতির মৃত্যু ঠেকাতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাতির মৃত্যু ঠেকাতে অপটিকাল ফাইবার কেবল এবং এআই বেসড ক্যামেরার মাধ্যমে হাতির গতিবিধি নজর রাখা হবে। যে সমস্ত এলাকা দিয়ে হাতি চলাচল করে সেখানে আলোর ব্যবস্থা করা হবে এবং ট্রেন চালকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement