সিবিএসই দশম শ্রেণির ২০২৬ সালের ফলাফল আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানা গিয়েছে। যদিও বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট দিন ও সময় ঘোষণা করেনি। তবে মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া এবং মে মাসে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা থাকায় তার আগে ফল প্রকাশের সম্ভাবনা জোরদার হয়েছে।
প্রসঙ্গত, এ বছর প্রায় ২৫ লক্ষ শিক্ষার্থী দশম শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছে, যা দেশের অন্যতম বৃহত্তম স্কুলস্তরের পরীক্ষা। পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১১ মার্চ। দেশের ৮,০৭৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Advertisement
নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা সর্বাধিক তিনটি বিষয়ে নম্বর উন্নতির সুযোগ পাবে দ্বিতীয় পরীক্ষায়। পাশাপাশি ‘কম্পার্টমেন্ট’ প্রাপ্তরাও এই পর্যায়ে অংশ নিতে পারবে। ফলে দ্রুত ফল প্রকাশের দিকে জোর দিচ্ছে বোর্ড। উত্তীর্ণ হতে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর প্রয়োজন। এক বা দুই নম্বর কম থাকলে ‘গ্রেস’ নম্বর দেওয়ার সম্ভাবনাও রয়েছে, যাতে অল্প ব্যবধানে কেউ অকৃতকার্য না হয়।
Advertisement
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, স্কুল নম্বর, প্রবেশপত্র পরিচয়পত্র ও জন্মতারিখ দিয়ে নম্বরপত্র দেখতে ও ডাউনলোড করতে পারবে। দুই-পর্যায়ের পরীক্ষাব্যবস্থা চালুর মাধ্যমে সিবিএসই আরও নমনীয় ও শিক্ষার্থী-বান্ধব মূল্যায়ন পদ্ধতির দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।
Advertisement



