• facebook
  • twitter
Sunday, 19 April, 2026

সংস্কৃত চর্চায় বার্ষিক ফল প্রকাশ ওঙ্কারনাথদেব বৈদিক বিদ্যাপীঠে

প্রথম স্থান অধিকার করেছেন গৌতম চ্যাটার্জী, দীপঙ্কর পণ্ডিত, বিবেক ঘোষাল, রবীন্দ্রনাথ চক্রবর্তী, ব্রতীন ব্যানার্জী, ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সাধন চক্রবর্তী।

নিজস্ব চিত্র

শ্রী শ্রী ওঙ্কারনাথদেব বৈদিক বিদ্যাপীঠের বার্ষিক সংস্কৃত পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশিত হল শুক্রবার বিকেল চারটেয়। বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফল প্রকাশ করেন প্রতিষ্ঠানের সম্পাদক ও অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর সুরেশ কুমার বন্দোপাধ্যায়, ফ্যাকাল্টি জনমেনঞ্জয় আচার্য এবং কন্ট্রোলার শ্রী অর্ঘ চক্রবর্তী।

বিদ্যাপীঠ সূত্রে জানা গিয়েছে, বৈদিক শিক্ষার পুনরুজ্জীবন, আধুনিক শিক্ষার প্রসার এবং ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে লালন করার উদ্দেশ্যে ২০২২ সালে ২০ জন শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়। বর্তমানে প্রায় ৫০ জন আবাসিক ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে।

Advertisement

মুখ্য উপদেষ্টা ডক্টর সুরেশ কুমার বন্দোপাধ্যায় বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশই তাঁদের মূল লক্ষ্য। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। তাঁর কথায়, সমাজে সংস্কৃত ভাষার প্রসারে বিদ্যাপীঠ প্রতি বছর আটটি বিষয়ে বার্ষিক পরীক্ষা আয়োজন করে। বিষয়গুলির মধ্যে রয়েছে সাহিত্যম, পৌরোহিত্যম, ব্যাকরণম, বেদ, গীতা, ধর্মশাস্ত্রম, জ্যোতিষ এবং দর্শন।

Advertisement

এবারের পরীক্ষায় হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমান জেলা ছাড়াও আসাম ও ত্রিপুরা থেকে মোট প্রায় ১৮০ জন পরীক্ষার্থী অংশ নেয়। ফলাফলে প্রথম শ্রেণীতে পাশের হার ৮৯ শতাংশ এবং দ্বিতীয় শ্রেণীতে ৬৩ শতাংশ।

প্রথম স্থান অধিকার করেছেন গৌতম চ্যাটার্জী, দীপঙ্কর পণ্ডিত, বিবেক ঘোষাল, রবীন্দ্রনাথ চক্রবর্তী, ব্রতীন ব্যানার্জী, ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সাধন চক্রবর্তী।

অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য জানান, ভবিষ্যতে দক্ষ শিক্ষক ও আধুনিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, প্রায় তিন হাজার বছরের প্রাচীন সংস্কৃত ভাষার প্রসারের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে সমুন্নত রাখাই তাঁদের প্রধান লক্ষ্য। যদিও এখনও পর্যন্ত এই পরীক্ষার জন্য সরকারি কোনও আর্থিক সহায়তা মেলেনি, ভবিষ্যতে সেই সহায়তা পাওয়া যাবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।

Advertisement