কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে খড়গপুর পুরসভার পুরপ্রধান পদে শুক্রবার ফের বসলেন কল্যাণী ঘোষ।
গত ২১ জানুয়ারি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর খড়্গপুরের পুরবোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ দেন। পুরসভায় প্রশাসক হিসেবে মহকুমা শাসককে নিয়োগ করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিরোধী কাউন্সিলররা। বিরোধী কাউন্সিলরদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশ বাতিল বলে ঘোষণা করেন। পাশাপাশি ১৯ ডিসেম্বর খড়গপুর পুরসভাকে করা শো কজ নোটিশ ও খড়্গপুরের মহকুমাশাসককে প্রশাসক হিসেবে নিয়োগের সিদ্ধান্তও বাতিল করে দেয় হাইকোর্ট।
Advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুরের মহকুমা শাসকের সঙ্গে দেখা করে তাঁর হাতে কলকাতা হাইকোর্টের রায়ের কপি তুলে দেন বিরোধী কাউন্সিলররা। এরপরেই শুক্রবার সকালে পুরপ্রধান কল্যাণী ঘোষ ও উপপুরপ্রধান তৈমুর আলী খানকে ডেকে পাঠিয়ে পুরসভার দায়িত্ব বুঝে নিতে বলেন মহকুমাশাসক। পুরসভায় পৌঁছে প্রতিটি দপ্তর ঘুরে নিজের আসনে বসেন কল্যাণী। তিনি বলেন, পদ ফিরে পাওয়ায় তিনি খুশি। পুরসভায় আসার আগে তিনি দলের জেলা সভাপতিকে জানিয়েছেন। উপপুরপ্রধান তৈমুর আলী খান বলেন, আমাদের মহকুমা শাসক ডেকেছিলেন। আমরা দেখা করি। উনি আমাদের পুরসভায় গিয়ে কাজ শুরু করতে বলেছেন। আমরা বলেছি লিখিত অনুমতি না পেলে কাজ করা সম্ভব নয়। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক চিঠি দিয়ে কাউন্সিলরদের পুরদপ্তরের নির্দেশের কথা জানিয়েছিলেন। কাজ শুরু হওয়ার আগে তাঁকেই ফের চিঠি দেওয়ার জন্য বলেছেন আমাদের কয়েকজন কাউন্সিলর।
Advertisement
Advertisement



