• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

গ্রাহকদের জন্য বিরাট স্বস্তির পদক্ষেপ এসবিআইয়ের

তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে গ্রাহকদের জন্য বড় স্বস্তির ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর

গ্রাহকদের জন্য বিরাট স্বস্তির পদক্ষেপ এসবিআইয়ের

তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে গ্রাহকদের জন্য বড় স্বস্তির ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর একাধিক ব্যাঙ্ক কর্মী সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে শাখার পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের যাতে নগদের সমস্যায় পড়তে না হয়, সে জন্য এটিএম লেনদেনে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।

ধর্মঘট চলাকালীন এসবিআই গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও এটিএম লেনদেনের ফি দিতে হবে না। এমনকি নির্ধারিত মাসিক বিনামূল্যে লেনদেনের সীমা পেরিয়ে গেলেও ধর্মঘটের দিনগুলিতে অতিরিক্ত চার্জ গুনতে হবে না।

শুধু এটিএম নয়, ডিজিটাল পরিষেবাও স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শাখার পরিষেবা ব্যাহত হলেও ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ইয়োনো অ্যাপের মাধ্যমে লেনদেন চালু থাকবে। তবে চেক জমা, ডিমান্ড ড্রাফট বা ঋণ সংক্রান্ত কোনও জরুরি কাজ থাকলে ধর্মঘটের আগে তা সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।

ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চের মূল দাবি সপ্তাহে দু’দিন ছুটি। সেই দাবিতেই সোমবার থেকে টানা তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে মাসের শেষে টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ব্যাঙ্ক কর্মীরা। এর আগে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে এক দিনের ধর্মঘটও পালন করা হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ফের তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

উৎসবের মরশুমে টানা ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হলে সাধারণ গ্রাহকের পাশাপাশি ছোট ব্যবসায়ীদেরও সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে এসবিআইয়ের এটিএম পরিষেবায় অতিরিক্ত চার্জ মকুবের সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তি দেবে গ্রাহকদের।