ভারতের বাজারে এল গুগল এআই প্রযুক্তি সম্পন্ন ল্যাপটপ। তাইওয়ানের প্রযুক্তি সংস্থা এসুস এই নতুন ক্রোমবুক সিএক্স-১৫ (সিএক্স১৫০৫সিটিএ) লঞ্চ করেছে। ছাত্রছাত্রী, তরুণ পেশাজীবী এবং প্রথমবার ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য তৈরি এই ডিভাইসে রয়েছে ক্রোমওএস এবং গুগল এআই-এর সুবিধা। সংস্থার দাবি, নতুন ক্রোমবুকটি শুধুমাত্র ব্যবহারেই সহজ নয়, এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে এবং দ্রুত ক্লাউড-ভিত্তিক কম্পিউটিং সুবিধে দিতেই তৈরি।
এসুস ক্রোমবুকের ওজন মাত্র ১.৫৯ কেজি হওয়ায় সহজে বহন করা সহজ। একবার চার্জে ১২.৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে এটি । সঙ্গে থাকছে ৪৫ ওয়াটের ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জার। এর দাম রাখা হয়েছে ৪৭,৯৯০ টাকা। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই সহজলভ্য। জানা গিয়েছে, মার্কিন সামরিক মাজের স্থায়িত্ব পরীক্ষায় উত্তীর্ণ এই ল্যাপটপ গুগলের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত থাকায় এই ক্রোমবুকে ব্যবহারকারীরা অনলাইন ক্লাস, প্রেজেন্টেশন তৈরি, গবেষণা এবং অফিসের কাজ আরও সহজে করতে পারবেন।
ডিভাইসটির সঙ্গে তিন মাসের গুগল এআই-প্রো সদস্যপদ দেওয়া হচ্ছে বিনামূল্যে। পাশাপাশি ৫ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, এআই ভিডিও তৈরি এবং উন্নত ছবি সম্পাদনার সুবিধাও রয়েছে। এসুস ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আর্নল্ড সু জানান, ডিজিটাল শিক্ষা, উচ্চমানের যেকোন কাজ এবং এআই প্রযুক্তির যুগে ব্যবহারকারীরা সহজ, নিরাপদ ও স্মার্ট ডিভাইস চান। আমাদের এই নতুন উৎপাদনের মাধ্যমে সেই অভিজ্ঞতা আরও সহজলভ্য করা হচ্ছে। পাশাপাশি অফলাইন খুচরো বাজারে সংস্থার সম্প্রসারণের পথও আরও মজবুত হবে।




