ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রযুক্তিগত চাহিদা পূরণে নতুন উদ্যোগ নিল আসুস ইন্ডিয়া। সংস্থার ‘এক্সপার্ট সিরিজ’ কম্পিউটারের মাধ্যমে এমএসএমইগুলির জন্য ‘চিন্তামুক্ত ব্যবসায়িক অভিজ্ঞতা’ তৈরির লক্ষ্যে এমএসএমই বিশেষজ্ঞ ও কোয়ান্টাম লিপের প্রতিষ্ঠাতা রাজীব তালরেজাকে মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।
এই দীর্ঘমেয়াদি সহযোগিতার মূল লক্ষ্য হল, ব্যবসায়িক কাজে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএসএমই মালিকদের সচেতন করা এবং প্রযুক্তিগত সমস্যা কমিয়ে তাঁদের ব্যবসার সম্প্রসারণে মনোনিবেশের সুযোগ করে দেওয়া। রাজীবের প্রশিক্ষণ ও পরামর্শে এখনও পর্যন্ত ১২ লক্ষেরও বেশি ব্যবসায়ী উপকৃত হয়েছেন। ফলে এমএসএমই ক্ষেত্রের বাস্তব প্রয়োজন সম্পর্কে তাঁর অভিজ্ঞতা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে আসুস।
সংস্থার দাবি, দেশের এমএসএমই ক্ষেত্র দ্রুত বাড়লেও বহু ছোট ব্যবসা এখনও সাধারণ ল্যাপটপ ব্যবহার করে। ব্যবসায়িক কাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, স্থায়িত্ব, কর্মক্ষমতা, ব্যাটারি ব্যাকআপ এবং বিক্রয়োত্তর পরিষেবার মতো বিষয়গুলি মাথায় রেখেই এক্সপার্ট সিরিজ তৈরি করা হয়েছে। এতে উদ্যোগগুলির প্রযুক্তিগত ব্যয় ও কাজের ব্যাঘাত কমানোর লক্ষ্য রয়েছে।
আসুসের বাণিজ্যিক কম্পিউটার ব্যবসার ভাইস প্রেসিডেন্ট দীনেশ শর্মা বলেন, দেশের অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি এমএসএমই। তাঁদের উৎপাদনশীলতা বাড়াতে নির্ভরযোগ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ।
রাজীব তালরেজা জানান, বহু ব্যবসায়ী এখনও জানেন না যে তাঁদের প্রয়োজনের জন্য আলাদা ব্যবসায়িক কম্পিউটার রয়েছে। সহযোগিতার আগে তাঁর নিজের দলও এক্সপার্ট সিরিজ ব্যবহার করে এর কার্যকারিতা পরীক্ষা করেছে। ভবিষ্যতে এমএসএমইগুলির মতামত আসুসের কাছে পৌঁছে দিতে কাজ করবেন তিনি।




