• facebook
  • twitter
  • youtube
Wednesday, 24 June, 2026

আকস্মিক মৃত্যু নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর

মগরার বাসিন্দা এবং পরিচিত নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যে।

বৃহস্পতিবার গভীর রাতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এক মর্মান্তিক খবর। মগরার বাসিন্দা এবং পরিচিত নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যে। সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করেছিলেন সায়নী। প্রাণবন্ত ভিডিয়ো এবং পরিবারকেন্দ্রিক কনটেন্টের জন্য সমাজমাধ্যমে তাঁর পরিচিতি ছিল যথেষ্ট।

বিশেষ করে মা মলি চক্রবর্তীর সঙ্গে তাঁর নানা মুহূর্তের ভিডিয়ো প্রায়ই ভাইরাল হত। পাশাপাশি পোষ্যদের প্রতিও তাঁদের গভীর ভালবাসা নজর কেড়েছিল বহু মানুষের। মাত্র ২৪ ঘণ্টা আগেও নিজের প্রিয় পোষ্য গরু ‘সুন্দরী’-কে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সায়নী। তাই আচমকা তাঁর মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না অনেকেই।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকেই সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সায়নী। সেই সম্পর্কের টানাপড়েন থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান। প্রেমঘটিত সমস্যার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার, বন্ধু ও অনুরাগীরা। সমাজমাধ্যম জুড়ে সায়নীর পুরনো ভিডিয়ো এবং ছবি শেয়ার করে অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।