জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগে আদরে’ সম্প্রতি শততম পর্ব পূর্ণ করল। এই বিশেষ মুহূর্ত উদ্যাপনের মাধ্যমে শুটিং সেটেই আনন্দ ভাগ করে নেন শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহাগ চরিত্রের অভিনেত্রী অরুণিমা হালদার এবং সূর্য চরিত্রে অভিনয় করা শুভরঞ্জন মুখার্জি। তাঁদের সঙ্গে ছিলেন সহশিল্পী ত্রমিলা ভট্টাচার্য ও শুভ্ৰজিত দত্ত।
দীর্ঘদিন ধরে দর্শকদের ভালবাসা ও সমর্থনের ফলেই এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে বলে জানান নির্মাতারা। সেজন্য ধারাবাহিকটির শততম পর্ব ঘিরে শুটিং সেটে ছিল উৎসবের আবহ। শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে কেক কেটে এই সাফল্য উদ্যাপন করেন।
Advertisement
এদিকে গল্পেও আসছে নতুন মোড়। কাহিনীতে দেখা যাবে, ময়ূরাক্ষী নিজের বাড়িতে এক জাঁকজমকপূর্ণ ও বিশেষ আমন্ত্রণভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে শুধু প্রভাবশালী ও বাছাই করা অতিথিদেরই আমন্ত্রণ জানানো হয়। সেই আয়োজন যেন ক্ষমতা, প্রতিপত্তি ও সামাজিক অবস্থানের এক প্রকাশ হয়ে ওঠে। তবে ঝলমলে আয়োজনের আড়ালে জমতে থাকে উত্তেজনা। সূর্য নীরবে নিজের পরিকল্পনা সাজাতে থাকে। এই পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু তার আসল উদ্দেশ্য আপাতত গোপনই থাকে।
Advertisement
অন্যদিকে, ময়ূরাক্ষীও গোপনে সোহাগের বিরুদ্ধে ক্ষতিকর এক পরিকল্পনা সাজাতে থাকে। ঠিক সময়ের অপেক্ষায় থাকে সে, যাতে উৎসবের মধ্যেই সেই ষড়যন্ত্র কার্যকর করা যায়। গান, নাচ ও আনন্দের আবহে যখন অনুষ্ঠান এগোতে থাকে, তখনই গল্পের নাটকীয়তা আরও ঘনীভূত হয়। সূর্যের গোপন পরিকল্পনা সামনে আসবে, না কি ময়ূরাক্ষীর ষড়যন্ত্র সফল হবে— এই প্রশ্নই এখন দর্শকদের মনে কৌতূহল বাড়াচ্ছে।
নতুন নতুন মোড় ও রহস্যে ভর করে ধারাবাহিকটি ক্রমশ আরও আকর্ষণীয় হয়ে উঠছে। নির্মাতাদের আশা, আগামিদিনেও এই উত্তেজনাপূর্ণ কাহিনী একইভাবে দর্শকদের আকর্ষণ বাড়াবে।
Advertisement



