২০০১ সালে মুক্তি পাওয়া ‘দিল চাহতা হ্যায়’ সিনেমা দর্শকদের দেখিয়েছিল বন্ধুত্বের নতুন নির্দশন। বুঝিয়েছিল বড় হয়ে ওঠা, কলেজ প্রেম। যা বুঁদ করেছিল বিপুল সংখ্যক সিনেপ্রেমীদের। যাদের মধ্যে অধিকাংশই ছিল টিনেজ এবং কলেজ পড়ুয়া, যাঁরা এই সিনেমা দেখে নতুন করে বাঁচার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন।
সেই সকল সিনেপ্রেমীদের জন্য খুশির খবর। কারণ ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন সইফ আলি খান ও ফারহান আখতার। ২১ বছর পরে বলিপাড়ার দুই তারকার এই জুটি আকর্ষণ তৈরি করেছে সিনেমহলে। ফারহান আখতারের প্রযোজনা সমংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে দেখা যাবে ছোটে নবাবকে। যদিও এই প্রযোজনা সংস্থা যৌথভাবে সামলান রীতেশ সিদওয়ানি।
যদিও সিনেমাটি কী নিয়ে হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। কারণ চিত্রনাট্য এখনও প্রাথমিক স্তরে রয়েছে। এখনও পর্যন্ত কোনও পরিচালক এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হননি। তদবে এই প্রোজেক্টটি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। সিনেমার হিরোইনের এখনও বাছাই পর্ব চলছে। সূত্রের খবর, এই প্রজেক্টে বলিউডের কোনও নামি হিরোইনই যুক্ত হবে।
সইফ আলি খান ও ফারহান আখতারের নিজস্ব ফ্যান ফলোয়িং রয়েছে। দুই তারকা এক হলে তা তাদের ফ্যানেদের কাছেও একটা বড় চমক। এই চমক বক্স অফিসে বেশ ভালো প্রভাব ফেলতে পারে। ‘দিল চাহতা হ্যায়’ সিনেমা থেকেই বলিউডের এই দুই তারকার মধ্যে এখনও বন্ধুত্ব অটুট রয়েছে। দুই তারকার এই রি-ইউনিয়ন দিল চাহতা হ্যায়-এর ‘নস্টালজিয়া’-কে ফিরিয়ে আনল বলে মনে করছেন সিনেপ্রেমীরা।
যদিও ২০০১ সালে এই সিনেমা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে সইফ ও ফারহানের বন্ধুত্ব দর্শকদের মন জয় করে নিয়েছিল। এমন সময়ে সিনেমাটি মুক্তি পেয়েছিল, যখন বলিউড সিনেমা মানেই লোকে বুঝত নাচ-গান, সঙ্গে কিছুটা চড়া মেলোড্রামা। সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটি কার্যত নজির গড়েছিল। তাই এই জুটিকে ফের বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। যদিও এটা স্পষ্ট নয়, ফারহান আখতারকে পর্দায় দেখা যাবে কি না। এই মুহূর্তে দুই বলি তারকার হাতেই একাধিক প্রোজেক্ট রয়েছে। তাই এই কাজটি কবে শুরু হবে, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও জল্পনা এই প্রোজেক্টই হবে থ্রিলার ঘরাণার। তবে পুরো কাজটাই এখন রয়েছে প্রাথমিক স্তরে।
বর্তমানে সইফ আলি খান অত্যন্ত ব্যস্ত। তাঁকে শেষবার দেখা গিয়েছে নেটফ্লিক্সে কতর্ব্য সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায়। তাঁর আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, ডনের আগামী সিক্যুয়েল নিয়ে ব্যস্ত ফারহান। কারণ এই সিনেমা দিয়েই ফের পরিচালক হিসেবে তিনি কামব্যাক করবেন। সইফের পরবর্তী সিনেমা ‘হেওয়ান’, যা পরিচালনা করেছেন প্রিয়দর্শন। সেই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় সইফের সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমারকে। এছাড়াও ভারতের প্রথম সাংবিধানিক নির্বাচন নিয়ে নেটফ্লিক্সের ঐতিহাসিক সিনেমাতে দেখা যাবে সইফকে, যা পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। এর পরবর্তীতে হয়তো যোগ হতে পারে দুই বলিউড সুপারস্টারের এই সিনেমাটি।




