জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর দুই পরিচিত মুখ অশোক পাঠক এবং দুর্গেশ কুমারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি একটি সম্মলনে তাঁদের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রীর। পঞ্চায়েত সিরিজে এই দু’জনকে যথাক্রমে ‘বিনোদ’ এবং ‘বনরাকস’ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মোদীর সঙ্গে তাঁদের সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তাঁদের শুভেচ্ছা জানিয়ে মজার ছলে প্রশ্ন করেন, ‘পঞ্চায়েত শুনতা হ্যায় কি নাহি শুনতা হ্যায়’? তাঁর এই মন্তব্যে সেখানে উপস্থিত সকলেই হেসে ওঠেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল শেয়ার করেন, তাতে ব্যাকগ্রাউন্ডে ‘পঞ্চায়েত’-এর জনপ্রিয় থিম মিউজিক রয়েছে। রিলের ক্যাপশনে লেখা ছিল ‘বিনোদ সে কুছ বাঁতে’।
ওই একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা। তবে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ‘পঞ্চায়েত’-এর অভিনেতাদের সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নেটদুনিয়ায় আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আসে ওই ভিডিও। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ঘটনাকে ‘মাল্টিভার্স অফ ম্যাডনেস’ বলে উল্লেখ করেছেন। আরেকজন লেখেন, ‘এটাই বছরের সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা’।
সিরিজের প্রযোজনা সংস্থা টিভিএফ-এর অফিসিয়াল সমাজ মাধ্যম থেকেও মজার প্রতিক্রিয়া দেওয়া হয়। তারা লেখে, ‘বছরের সবচেয়ে অপ্রত্যাশিত সাক্ষাৎকারের মুহূর্ত, আমাদের ভালো লেগেছে।‘ অনেক দর্শককে আবার সিরিজের বিখ্যাত সংলাপ ‘দেখ রাহা হ্যায় বিনোদ’ মন্তব্যটি করতেও দেখা যায়।
‘পঞ্চায়েত’-এর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অশোক পাঠকের অভিনীত ‘বিনোদ’ চরিত্রটিও দর্শকদের মন জয় করে নেয়। অন্যদিকে দুর্গেশ কুমারের অভিনীত ‘ভূষণ’, যাকে দর্শকরা ‘বনরাকস’ নামে বেশি চেনেন, তিনিও সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত হন।
২০২০ সালে ‘পঞ্চায়েত’ সিরিজটি মুক্তি পায়। গ্রামীণ ভারতের বাস্তব চিত্র, সহজ-সরল গল্প এবং চরিত্রগুলির জন্য দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। সিরিজটি একাধিক পুরস্কার পেয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সিরিজের জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে।
এই সিরিজের মাধ্যমেই রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, জিতেন্দ্র কুমার, ফয়সল মালিক, অশোক পাঠক এবং দুর্গেশ কুমার আরও জনপ্রিয় হয়ে ওঠেছেন। এদিকে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন চলতি বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছে প্রাইম ভিডিও।




