আসছে নতুন ওয়েব ফিল্ম ‘নতুন প্রেমের গান’। প্রিমিয়ার হবে ১ মে ২০২৬-এ ফ্রাইডে ওটিটিতে। ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের ছবিটির প্রযোজক রূপা দত্ত এবং পরিচালক অর্ণ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ছবিটি নিয়ে দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে।
রোম্যান্স, আত্মঅন্বেষণ এবং সঙ্গীতের মিশেলে তৈরি এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন আয়ুষ দাস এবং অ্যান মেরি টম। কুয়াশায় ঢাকা পাহাড়ি প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্পে উঠে এসেছে ভালোবাসা, হারিয়ে যাওয়া এবং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক আবেগঘন যাত্রা।
ছবির কেন্দ্রীয় চরিত্র ঋত্বিক, এক অন্তর্মুখী ও সংবেদনশীল ইঞ্জিনিয়ার, যে কর্পোরেট জীবনের চাপ থেকে দূরে সরে গিয়ে ব্যক্তিগত শোক এবং বাবার সঙ্গে মানসিক দূরত্বের ভারবহন করতে করতে জীবনে এক নতুন পথে পা বাড়ায়।
Advertisement
মায়ের প্রিয় এক পাহাড়ি জায়গায় গিয়ে সে নিজের জীবনের অর্থ খোঁজার চেষ্টা করে। এই যাত্রাপথেই তাঁর দেখা হয় ইরার সঙ্গে যে একজন স্বাধীনচেতা সোলো ট্রাভেলার। সে নিজের মত করে জীবন কাটাতে ভালোবাসে। তবে তার উচ্ছ্বলতার আড়ালে লুকিয়ে রয়েছে এক জটিল সম্পর্কের টানাপোড়েন, যা তার ব্যক্তিস্বাতন্ত্র্যকে চ্যালেঞ্জ জানায়। দুই সম্পূর্ণ ভিন্ন মানুষ কীভাবে ধীরে ধীরে এক অদৃশ্য আবেগের বন্ধনে জড়িয়ে পড়ে, সেটাই এই ছবির মূল আকর্ষণ।
Advertisement
নীরবতা, অপূর্ণতা এবং সুরের মেলবন্ধনে গড়ে ওঠা তাদের সম্পর্ক এক সময় গভীর সংযোগে রূপ নেয়। ‘নতুন প্রেমের গান’ মূলত এমন এক গল্প, যেখানে অন্ধকার সময়েও আলো খুঁজে পাওয়ার চেষ্টা এবং অপ্রত্যাশিত এক সম্পর্কের মাধ্যমে চরিত্রদের নিজস্ব সত্ত্বাকে নতুন করে আবিষ্কারের কথা বলা হয়েছে। সংবেদনশীল গল্প বলার ভঙ্গি, সূক্ষ্ম অভিনয় দক্ষতা এবং সুরবিজড়িত আবহ, সব মিলিয়ে এই ছবি দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলবে বলেই আশা নির্মাতাদের। আগামী ১ মে, একান্তভাবেই ফ্রাইডে ওটিটিতে মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত ওয়েব ফিল্ম।
Advertisement



