বিগ বস বাংলার ঘরে এখনও সপ্তাহও গড়ায়নি, তার আগেই যেন আগুন জ্বলে উঠল! প্রথম কয়েক দিনের মধ্যেই প্রতিযোগীদের মধ্যে শুরু হয়েছিল চাপানউতোর। এবার সেই অশান্তি পৌঁছে গেল আরও গুরুতর জায়গায়। অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন সহ-প্রতিযোগী জয়িতা চট্টোপাধ্যায়। ক্যামেরার সামনেই বিগ বসের কাছে বিচার চেয়ে বসলেন তিনি। আর অভিযোগ শুনেই ক্ষোভে ফেটে পড়লেন সায়ক।
ঘটনার কেন্দ্রে ডাগআউট রুম। সেখানে বন্দি ছয় প্রতিযোগীর জন্য বিগ বসের তরফে দেওয়া হয়েছিল তিনটি বিশেষ কাজ। সেই কাজ করতে গিয়েই শুরু হয় তুমুল বচসা। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, ডাগআউটে থাকা নারী প্রতিযোগীদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েছেন সায়ক। সেখানে তনুশ্রী, মনামী ও নন্দিনীকেও দেখা যায়।
কথার লড়াই যখন চরমে, তখন আচমকাই সায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন জয়িতা। ক্যামেরার দিকে তাকিয়ে তাঁর দাবি, সায়ক নাকি তাঁকে আঘাত করেছেন, এমনকী তাঁর সঙ্গে শারীরিক নিগ্রহও করেছেন।
এই অভিযোগ শুনেই কার্যত তেতে ওঠেন সায়ক। তাঁর পালটা প্রশ্ন, জয়িতা কি আদৌ ‘শারীরিক নিগ্রহ’-এর মতো গুরুতর অভিযোগের অর্থ বোঝেন? সায়ক জানতে চান, তিনি ঠিক কখন জয়িতার গায়ে হাত তুলেছেন। তবে সেই প্রশ্নের মুখে জয়িতাকে আর স্পষ্ট কোনও জবাব দিতে দেখা যায়নি।
ভিডিয়োর দৃশ্য বলছে, কোনও একটি জিনিস নিজেদের দখলে নেওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। টানাটানির মধ্যে সায়কের হাতেও চোট লাগে। তাঁর হাত কেটে রক্ত বেরোতেও দেখা যায়। ফলে একদিকে সায়কের আহত হাত, অন্যদিকে জয়িতার গুরুতর অভিযোগ—সব মিলিয়ে ডাগআউটের পরিবেশ মুহূর্তেই হয়ে ওঠে থমথমে।
৩০ অগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে বিগ বস বাংলা। এবারের আসরে রয়েছেন ভরত কল, মনামী ঘোষ, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, নিরঞ্জন মণ্ডল, নন্দিনী দত্ত-সহ একাধিক পরিচিত মুখ।
এই মুহূর্তে ডাগআউটে রয়েছেন দীপেন্দু, দুর্নিবার, ঝিলম, তনুশ্রী, সোহিনী পাল ও জয়িতা। তাঁদের মধ্যে প্রথম চারজনকে ডাগআউটে পাঠিয়েছেন অধিনায়ক ভরত কল। বাকি দু’জনকে বেছে নিয়েছেন বাড়ির অন্য সদস্যরা।
শো শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই এমন বিস্ফোরক অভিযোগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বিগ বস এবার কী করবেন? নিয়মভঙ্গের অভিযোগে কি কোনও শাস্তি হবে? নাকি মুখোমুখি বসানো হবে সায়ক ও জয়িতাকে?
উত্তর মিলবে পরের পর্বেই। আপাতত একটাই কথা—বিগ বস বাংলার খেলা যে জমে গিয়েছে, তা বলাই যায়!




