গত সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলেও মহানায়ক উত্তমকুমারকে ঘিরে আবেগে ছেদ টানতে চাইছে না বর্তমান সরকার। মহানায়ক সম্মান বন্ধ হয়েছে, কিন্তু উত্তমকুমারের নামেই এ বার দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম প্রস্তুতি বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। পাশাপাশি বাংলা প্যানোরামা প্রতিযোগিতা বিভাগের পুরস্কারমূল্যও বাড়িয়ে করা হয়েছে ১০ লক্ষ টাকা।
আগামী ১৬ ডিসেম্বর শুরু হচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের দিনক্ষণ আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দনে বসে উৎসবের প্রথম প্রস্তুতি বৈঠক। সেই বৈঠক থেকেই শুরু হল এ বারের চলচ্চিত্র উৎসবকে ঘিরে আনুষ্ঠানিক তৎপরতা।
বৈঠকে উপস্থিত ছিলেন উৎসবের প্রধান উপদেষ্টা মিঠুন চক্রবর্তী, চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জিৎ, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়-সহ অনেকে। তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. সৌমিত্র মোহনও বৈঠকে উপস্থিত ছিলেন।
দীর্ঘ বৈঠকে উৎসবের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন কমিটির দায়িত্ব, ছবির নির্বাচন এবং প্রদর্শনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে উৎসবের স্ক্রিনিং কমিটির সদস্যদের নামও চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। কমিটিতে কয়েকটি নতুন নামও যুক্ত হয়েছে।
এ বার কিফের চেয়ারম্যান পদেও বদলের সম্ভাবনা রয়েছে। গত বছর এই দায়িত্বে ছিলেন পরিচালক গৌতম ঘোষ। এ বার চেয়ারম্যান হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।
বদলের হাওয়া কিফের লোগোতেও। বৈঠকে কয়েকটি নতুন লোগোর নকশা দেখানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত লোগো বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে পরিচালক সন্দীপ রায়কে।
এ বার উৎসবের প্রস্তুতি কিছুটা দেরিতে শুরু হওয়ায় আন্তর্জাতিক ছবির মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে সিনেপ্রেমীদের একাংশের মধ্যে। তবে আয়োজকদের তরফে বিদেশি ছবি বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এ বারের কিফের থিম দেশ আয়ারল্যান্ড। ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে বসবে চলচ্চিত্রের এই আন্তর্জাতিক আসর। এখন নজর পূর্ণাঙ্গ সূচি, প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবি এবং উৎসবের উদ্বোধনী আয়োজনের দিকে।




