সিনেমার পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে আলাদা ফ্যানবেস তৈরি করেছেন বনি সেনগুপ্ত। এবার তিনি পা রাখতে চলেছেন ওয়েব দুনিয়ায়। প্রথম ওয়েব সিরিজেই তাঁর জুটি অঙ্গনা রায়ের সঙ্গে। দু’জনে একসঙ্গে দর্শকদের জন্য নিয়ে আসছেন রোমান্টিক ওয়েব সিরিজ ‘প্রেম শটস’, যার পরিচালনায় রয়েছেন শ্রীমন্ত সেনগুপ্ত।
জীবনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা দু’জন মানুষের গল্প বলবে এই সিরিজ। একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ কীভাবে সম্পর্কের সমীকরণ বদলে দেয়, সেই কাহিনিই উঠে আসবে ‘প্রেম শটস’-এ।
গল্পটির কেন্দ্রে এক তরুণী, যে নিজের বিয়ে থেকে পালিয়ে অতীতের বোঝা ঝেড়ে ফেলতে মরিয়া। পথে তার দেখা হয় একটি ছেলের সঙ্গে। মেয়েটি সমাজের চাপিয়ে দেওয়া প্রত্যাশা থেকে মুক্তি খুঁজছে। অন্যদিকে, ছেলেটি নিজের শর্তে জীবন কাটাতে বদ্ধপরিকর। পরিবার বা প্রেমের বন্ধনে নিজেকে আবদ্ধ হতে চায় না।
ধীরে ধীরে তারা একে অপরের কাছে আসে, ঘনিষ্ঠ হয়। কিন্তু অতীত তাদের আসতেই উঠে আসে এক কঠিন প্রশ্ন প্রেম কি পালানোর সহজ পথ, নাকি সেই আশ্রয়, যেখানে তারা শেষ পর্যন্ত থাকতে চায়?
এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রেয়া গুপ্তকে। বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্রে একাধিক কাজ করার পর এই সিরিজের হাত ধরেই তিনি টলিউডে ডেবিউ করবেন তিনি।
৬ পর্বের এই সিরিজটি সম্পর্ককে এক সতেজ দৃষ্টিভঙ্গিতে তুলে ধরবে। পরিচালকের আশা, এই গল্পের আবেগ, চরিত্রগুলোর টানাপড়েন এবং সম্পর্কের ওঠাপড়া দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে।
অপ্রত্যাশিতভাবে দুই ভিন্ন জগতের দুই মানুষের সংঘাত থেকেই শুরু হয় এক অনন্য সম্পর্কের গল্প। সেখানে রয়েছে একে অপরকে খুঁজে পাওয়া, দূরে সরে যাওয়া এবং আবারও কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা। আবেগের এই উত্থান-পতন বাংলা দর্শকদের কাছে এক নতুন অনুভূতি এনে দেবে।
বাংলা কনটেন্টের জগতে ‘জেন-জি’ প্রজন্মকে কেন্দ্র করে রোমান্টিক গল্পের যথেষ্ট অভাব ছিল। বর্তমান দর্শকদের একটি বড় অংশই এই প্রজন্মের অন্তর্ভুক্ত। তাই এই গল্পটি তাঁদের সঙ্গে সহজেই সাযুজ্য তৈরি করবে। তবে শুধু তরুণ প্রজন্মই নয়, একটি ভালো প্রেমের গল্প সব বয়সের দর্শকের কাছেই সমানভাবে উপভোগ্য হয়ে ওঠে। এই সিরিজে ক্যামেরা অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কলকাতা বিশেষ করে সল্টলেক চত্বরকে এই সিরিজে দেখা যাবে একেবারে নতুন ভাবে।




