শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন তিনি। দীর্ঘ চার দশকেরও বেশি অভিনয় জীবনে প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
উল্লেখ্য, জানুয়ারি মাসে সাধারণতন্ত্র দিবসেই পদ্ম সম্মানের তালিকা প্রকাশিত হয়েছিল। সেই তালিকাতেই ছিল প্রসেনজিতের নাম। বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে প্রসেনজিতকে হালকা বেজ রঙের আকর্ষণীয় পাঞ্জাবিতে দেখা গিয়েছে। তাঁর এই সম্মান প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত টলিপাড়া থেকে শুরু করে গোটা বাংলার চলচ্চিত্র অনুরাগীরা।
Advertisement
চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটেগরিতে বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের নাম ছিল। পদ্ম সম্মান গ্রহণের পর সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ বলেন, ‘এই মুহূর্তে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। যদিও তিনি আমার সঙ্গে আর নেই। কিন্তু আমার মনে হয়, উনি সব সময় আমার সঙ্গেই থাকেন।’ এদিনের অনুষ্ঠানে নজর কেড়েছে প্রসেনজিতের পাঞ্জাবি।
Advertisement
অভিনেতার ব্যক্তিগত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, বলেছেন, ‘বুম্বাদা খুব সাধারণ কিন্তু বাঙালিয়ানায় সমৃদ্ধ একটি পোশাকের কথা বলেছিলেন। তাই পুরনো দিনের থিয়েটারে যে ধরনের পোশাক ব্যবহার করা হতো, তার মোটিফ থেকে অনুপ্রাণিত আজকের এই পোশাকের নকশা হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।’প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে এদিন মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয়। বিজেপি সাংসদ ও ধর্মেন্দ্রর অভিনেত্রী স্ত্রী হেমা মালিনী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার নেন। এদিন পুরস্কার নিতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি হেমা।
Advertisement



