• facebook
  • twitter
Wednesday, 13 May, 2026

১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর ৩ হাজার টাকা

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই বড় ঘোষণা। আগামী ১ জুন থেকে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প। এর আওতায় রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থাও কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই ঘোষণা করে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে মাসিক ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। সরকার গঠনের পর প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটল রাজ্য।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় ফিরে সেই প্রকল্প চালু করা হয়। প্রথমে মাসিক ৫০০ টাকা দেওয়া শুরু হলেও পরে ধাপে ধাপে সেই অনুদানের পরিমাণ বাড়ানো হয়। পূর্বতন সরকারের শেষ বাজেটে সাধারণ মহিলাদের জন্য মাসিক দেড় হাজার টাকা এবং তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য ১,৭০০ টাকা বরাদ্দ করা হয়েছিল।

Advertisement

তবে ২০২৬ সালের নির্বাচনে বিজেপি মহিলাদের জন্য আরও বড় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়। সেই অনুযায়ী এবার চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভান্ডার’। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন, তাঁরাই সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের আওতায় চলে আসবেন। আপাতত নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ভবিষ্যতে অতিরিক্ত নথি বা তথ্যের প্রয়োজন হলে সরকারিভাবে তা জানানো হবে। শুধু আর্থিক সহায়তাই নয়, মহিলা ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিয়ে সরকারি বাসে বিনামূল্যে সফরের প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। সোমবার জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

Advertisement

উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছিল। সরকার বদলের পরও সেই পরিষেবা বজায় রেখেছে দিল্লির বিজেপি সরকার।

Advertisement