• facebook
  • twitter
Monday, 4 May, 2026

ফল ঘোষণার দিন কলকাতায় বিজয় মিছিল নিষিদ্ধ, কড়া নির্দেশ পুলিশের

৪ মে শহরজুড়ে কোনও ধরনের বিজয় মিছিল, র‍্যালি, জনসমাবেশ বা উদযাপনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। ৪ মে শহরজুড়ে কোনও ধরনের বিজয় মিছিল, র‍্যালি, জনসমাবেশ বা উদযাপনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং তা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

পুলিশের নির্দেশ অনুযায়ী, ফল ঘোষণার দিন রাস্তায় নেমে কোনও রকম উৎসব পালন করা যাবে না। এমনকি ছোট পরিসরের জমায়েত বা আনন্দ প্রকাশও নিষিদ্ধ রাখা হয়েছে। তবে ৫ মে থেকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিজয় মিছিলের অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অনুমতি নেওয়া বাধ্যতামূলক এবং নির্ধারিত নিয়ম মেনে তবেই মিছিল করা যাবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফল ঘোষণার পর শহরের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সংঘর্ষ বা হিংসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।

Advertisement

এই নির্দেশ কার্যকর করতে শহরের সব থানার ওসি-দের কঠোরভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি মাধ্যমে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছে, যাতে আগেই সবাই সচেতন হতে পারেন।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেছেন, এখনই কোনও উচ্ছ্বাস বা মন্তব্য করা ঠিক নয়। তাঁর বার্তা, কোনও ধরনের উত্তেজনা বা সংঘর্ষে না জড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

Advertisement