আসানসোল-ধানবাদ ছুঁয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন পৌঁছবে দিল্লিতে, কবে থেকে চলবে?

Vande Bharat Express Photo-SNS

আসানসোল ও ধানবাদ অঞ্চলের যাত্রীরা এবার থেকে আরও কম সময়ে রাজধানীতে পৌঁছতে পারবেন। কারণ রেলের তরফে হাওড়া থেকে নয়া দিল্লি গ্র্যান্ড কর্ড রুটে আসানসোল ও ধানবাদ স্টেশন হয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মুম্বইয়ে তিন দিন ধরে চিফ কন্ট্রোলারদের টাইম টেবিল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ট্রেন চালুর বিষয়ে মঞ্জুর করা হয়েছে।

রেল সূত্রের খবর, ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর আসানসোল ও ধানবাদ দুটি স্টেশনেই থামবে। তবে এই ট্রেনটি কবে থেকে চালু করা হবে, সেটা রেলের চূড়ান্ত টাইম টেবিল প্রকাশ করার পরেই জানা যাবে। সেদিন ওই কনফারেন্সে হাওড়া থেকে আনন্দ বিহারগামী সাপ্তাহিক ট্রেনটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন চালানোর বিষয়েও সহমত পোষণ করা হয়েছে। শীঘ্রই নতুন টাইম টেবিলে এই সব পরিবর্তনের ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভু ঝা ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের কর্মকর্তা রোহিত খইতান এই সিদ্ধান্তের ফলে খুব খুশি। তাঁদের কথায়, ‘আমরা বহুদিন ধরে এই দাবি করে আসছিলাম। সবার জন্যই এটা খুব ভালো হবে।’


আরও পড়ুন: ২৪টি এসিও কম! তৈরি হয়েছিল দমবন্ধকর পরিস্থিতি, রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বর্তমানে হাওড়া ও শিয়ালদা থেকে রাজধানী এবং শিয়ালদা-বিকানির দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়ার ট্রেন চলছে। কিন্তু এই নতুন স্লিপার বন্দে ভারত মধ্যবিত্ত ও ব্যবসায়ী সম্প্রদায়ের যাত্রীরা এবার উপকৃত হবেন। অনেকদিন ধরে চেম্বার অফ কমার্স ও হাওড়া এবং আসানসোল ডিভিশনের রেলযাত্রীদের বিভিন্ন কমিটির পক্ষ থেকে এই রুটে বন্দে ভারত স্লিপার চালানোর দাবি জানানো হচ্ছিল। অবশেষে তা শুরু হতে চলেছে।