• facebook
  • twitter
Saturday, 16 May, 2026

শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির তৃণমূল বিধায়ক পান্নালাল

তৃণমূলের টিকিটে পরপর দু’বার জয়ী হওয়া পান্নালালের এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে

ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার প্রশাসনিক ভবনের বাইরে ফুলের তোড়া হাতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারকে। আর তাকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের সাক্ষাৎ ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। যদিও পান্নালালের দাবি, বিধায়ক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতেই সেখানে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত শুভেন্দুর সঙ্গে তাঁর দেখা হয়নি।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা থেকে জেলাসফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকেই শুরু হয় কর্মসূচি। ফলতা উপনির্বাচনের আগে প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে জেলায় তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেই সময়ই প্রশাসনিক ভবনের বাইরে উপস্থিত হন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার।

Advertisement

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁর এলাকায় এসেছেন, তাই একজন জনপ্রতিনিধি হিসেবে সৌজন্য জানানো তাঁর কর্তব্য। এলাকার উন্নয়ন সংক্রান্ত কিছু বিষয় নিয়েও কথা বলতে চেয়েছিলেন বলে জানান তিনি।

Advertisement

তৃণমূলের টিকিটে পরপর দু’বার জয়ী হওয়া পান্নালালের এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে পান্নালাল স্পষ্ট বলেন, ‘এ ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন। এর মধ্যে রাজনৈতিক কোনও বার্তা নেই, এটি শুধুই সৌজন্য সাক্ষাতের চেষ্টা।’

পান্নালাল আরও জানান, আগের দিন মুখ্যমন্ত্রী তাঁকে ডায়মন্ড হারবারে থাকার কথাও বলেছিলেন। সেই কারণেই তিনি ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু শুভেন্দু প্রশাসনিক বৈঠকে ব্যস্ত থাকায় আর দেখা হয়নি। পরে সেখান থেকে ফিরে যান তৃণমূল বিধায়ক।

Advertisement