• facebook
  • twitter
Sunday, 22 March, 2026

লালগোলায় তৃণমূলের যোগ, পঞ্চায়েত সমিতি হাতছাড়া বাম-কংগ্রেসের

রবিবার কংগ্রেসের একাধিক নেতা ও জনপ্রতিনিধি দল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন

মুর্শিদাবাদ জেলার লালগোলা পঞ্চায়েত সমিতিতে বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। রবিবার কংগ্রেসের একাধিক নেতা ও জনপ্রতিনিধি দল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি-ঘনিষ্ঠ কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারী, তিনজন কর্মাধ্যক্ষ এবং আরও দু’জন সদস্য। এতদিন এই পঞ্চায়েত সমিতি বাম-কংগ্রেস জোটের নিয়ন্ত্রণে থাকলেও, এই দলবদলের ফলে সেটি এখন তৃণমূলের দখলে চলে গেল।

এদিন জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান হয়। দলবদলকারী নেতাদের মধ্যে ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ হুমায়ুন কবীর, কর্মাধ্যক্ষ আজিনুর বিবি এবং নজরুল ইসলাম। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্যা শুকতারা বিবি ও এলিজা বিবিও শাসক দলে নাম লেখান। তাঁদের সঙ্গে আরও কয়েকজন কর্মী-সমর্থকও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

Advertisement

লালগোলা পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩৬। আগে তৃণমূলের দখলে ছিল ১২টি আসন, কংগ্রেসের ছিল ১৩টি এবং সিপিএমের ৯টি। এছাড়া বিজেপি ও নির্দল প্রার্থী একটি করে আসন পেয়েছিল। বাম-কংগ্রেস জোটের ফলে এতদিন সমিতির নিয়ন্ত্রণ ছিল বিরোধীদের হাতে। কিন্তু সাম্প্রতিক এই দলবদলের জেরে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

Advertisement

এই পরিবর্তনের ফলে লালগোলার রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। শাসক দলের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং সরকারের নীতিতে অনুপ্রাণিত হয়েই বিরোধী শিবিরের নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন। অন্যদিকে, দলত্যাগী নেতারাও জানিয়েছেন, এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

Advertisement