• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

‘বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল’, শান্তিপুরে বার্তা মমতার

নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে আয়োজিত সভা থেকে বিএলও রিঙ্কু তরফদারের মৃত্যুর প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি

‘বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল’, শান্তিপুরে বার্তা মমতার

তৃণমূল প্রার্থীদের সমর্থনে সোমবার নদিয়ার পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া ও শান্তিপুরে একাধিক জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে আয়োজিত সভা থেকে বিএলও রিঙ্কু তরফদারের মৃত্যুর প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মমতার দাবি, অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই কর্মীর মৃত্যু হয়েছে এবং সুইসাইড নোটে কমিশনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

শন্তিপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেছেন, ভোটের আগে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্রচার করা হবে যে বিজেপি জিতছে, যাতে ভোটারদের প্রভাবিত করা যায়। তবে মানুষের সমর্থন তৃণমূলের দিকেই রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘মানুষের চোখমুখ যদি বুঝে থাকি, এ বার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল, ভয় নেই’।

ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হামলার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন মমতা। একই সঙ্গে মোথাবাড়ির ঘটনা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গেও কেন্দ্রকে নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, প্রকৃত দোষীদের আড়াল করে নির্দোষদের গ্রেপ্তার করা হচ্ছে। পাকিস্তানের এক মন্ত্রীর কলকাতা নিয়ে মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে আঁতাতের অভিযোগ তুলে বলেছেন, কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না।

মহিলা ভোটারদের উদ্দেশ্যে মমতার বার্তা, কোনও বাধা এলেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। দিনের শেষে শান্তিপুরের সভা থেকেও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং তৃণমূলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।