• facebook
  • twitter
Thursday, 9 April, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় স্কুটি কিনে প্রচার করছেন আদিবাসী বধূ

স্কুটিতে চেপে তৃণমূলের হয়ে প্রচার করছেন আদিবাসী বধূ নন্দী সোরেন

স্কুটিতে চেপে তৃণমূলের হয়ে প্রচার করছেন আদিবাসী বধূ নন্দী সোরেন। স্কুটির সামনে রয়েছে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের অন্যতম লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক। নন্দী জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে স্কুটি কিনেছেন তিনি। নন্দী বীরভূমের সাঁইথিয়া ব্লকের দেড়িয়াপুর গ্রাম পঞ্চায়েতের দইকোটা গ্রামের বাসিন্দা।

সাঁইথিয়া ব্লকের এই আদিবাসী গৃহবধূ এবারের নির্বাচনে হয়ে উঠেছেন তৃণমূলের প্রচারের মুখ। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে আসছেন নন্দী। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ধীরে ধীরে সেই টাকা জমিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও জমিয়ে রাখেন। শেষ পর্যন্ত মা ও মেয়ের জমানো টাকা দিয়ে কিনেছেন একটি বৈদ্যুতিক স্কুটি। এই স্কুটি কিনতে স্বামীর কাছ থেকেও কিছু আর্থিক সাহায্য পেয়েছেন নন্দী।

Advertisement

নিজের স্কুটিকেই তৃণমূলের নির্বাচনী প্রচারের মাধ্যম করে ফেলেছেন এই আদিবাসী বধূ । স্কুটিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও লক্ষ্ণীর ভাণ্ডারের প্রতীক বেঁধে গ্রাম থেকে গ্রামে ঘুরে ঘুরে দলের প্রচার করছেন তিনি। নন্দী জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনি খরচ করেননি।

Advertisement

পাশাপাশি তাঁর মায়ের লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকাও নিয়েছেন। সেই টাকা দিয়েই স্কুটি কিনেছেন।  নন্দীর দাবি, যাঁর জন্য এই সুবিধা পেয়েছি, তাঁকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। শুধু সাঁইথিয়া নয়, একই রকম দৃশ্য দেখা যাচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রেও। ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকায় বেশ কয়েকজন মহিলা লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকায় স্কুটি কিনে সেই স্কুটিতে দলীয় পতাকা বেঁধে নির্বাচনী প্রচারে করছেন।

Advertisement