• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

গণনাকর্মী নিয়োগ ইস্যুতে সুপ্রিম কোর্টে তৃণমূল, শুনানি শনিবার

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী নিয়োগ ইস্যুতে সুপ্রিম কোর্টে তৃণমূল, কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, শনিবার গুরুত্বপূর্ণ শুনানি

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটগণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল তৃণমূল। কলকাতা হাই কোর্টের রায় খারিজের দাবিতেই এই পদক্ষেপ। শনিবার এই মামলার শুনানি হওয়ার কথা।

জানা গিয়েছে, বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হবে। জরুরি ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূলের আইনজীবী দল।

এর আগে কলকাতা হাই কোর্ট তৃণমূলের আবেদন সম্পূর্ণ খারিজ করে দেয়। আদালত জানায়, ভোটগণনায় সুপারভাইজার এবং সহকারী নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করা আইনসিদ্ধ।

আদালত আরও জানায়, এই পদক্ষেপের লক্ষ্য গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নির্দেশ জারি করা হয়েছে।

তৃণমূলের মূল অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের অধীনে থাকায় পক্ষপাতিত্বের সম্ভাবনা রয়েছে। তবে আদালত এই যুক্তি খারিজ করে জানায়, গণনাকেন্দ্রে মাইক্রো অবজারভার, প্রার্থীর এজেন্ট এবং অন্যান্য আধিকারিক থাকবেন, ফলে প্রয়োজনীয় নজরদারি বজায় থাকবে।

এছাড়া আদালত জানিয়েছে, গণনার সময় কোনও অনিয়ম হলে ফল ঘোষণার পরে নির্বাচনী মামলা করে তা চ্যালেঞ্জ করা যেতে পারে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছিল, প্রতিটি গণনাটেবিলে অন্তত একজন করে কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় সংস্থার কর্মী থাকতে হবে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়েছিল তৃণমূল।

এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।