• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

বিমানবন্দরে গুলি-কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, সাত মাস পর পুলিশের পদক্ষেপে চাঞ্চল্য

কলকাতা বিমানবন্দরে গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় সাত মাস পর গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম। অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু পুলিশের।

প্রতীকী চিত্র

বিমানবন্দরে তল্লাশির সময় ব্যাগ থেকে খালি পিস্তলের ম্যাগাজিন ও ছ’টি গুলি উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন বজবজের পুজালি পুরসভার তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম। ঘটনাটি গত বছরের ২১ সেপ্টেম্বরের হলেও প্রায় সাত মাস পর মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন মুম্বাইগামী বিমানে ওঠার আগে নিয়মিত নিরাপত্তা পরীক্ষার সময় তাঁর হাতব্যাগে সন্দেহজনক বস্তু ধরা পড়ে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা ব্যাগ স্ক্যান করে একটি খালি পিস্তলের ম্যাগাজিন এবং ৭.৬৫ মাত্রার ছ’টি গুলি উদ্ধার করেন। এরপর তাঁকে আটক করে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ‘তিনি দাবি করেছিলেন যে, তাঁর বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। প্রয়োজনীয় নথি দেখানোর জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছিল। লিখিত ঘোষণা জমা দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি কোনও বৈধ নথি দেখাতে পারেননি।’ এরপরই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। যদিও এতদিন পর হঠাৎ গ্রেপ্তারের কারণ নিয়ে পুলিশ এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে কেন এত দীর্ঘ সময় পর এই পদক্ষেপ নেওয়া হল।

Advertisement

রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারিকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পরই এই পদক্ষেপ হওয়ায় তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এই গ্রেপ্তারি হয়েছে।

Advertisement