• facebook
  • twitter
Monday, 11 May, 2026

বিজেপিকে লজ ভাড়া দেওয়ায় হুমকি

নির্বাচনে বিজেপি দলীয় কাজে ব্যবহারের জন্য তাঁর লজ ভাড়া নিয়েছিল। রবিবার স্থানীয় বাসিন্দা আজগার আলি তাঁর দোকানে এসে বচসায় জড়িয়ে পড়েন।

সংগৃহীত চিত্র

বিজেপিকে লজ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। সংখ্যালঘু সম্প্রদায়ের এক লজ মালিককে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার সূত্রাগর এলাকায়। অভিযোগকারী আনসার আলির একটি লজ ও গ্রিলের দোকান রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক অনুষ্ঠানের জন্য তিনি লজ ভাড়া দেন।

অভিযোগ, এবারের নির্বাচনে বিজেপি দলীয় কাজে ব্যবহারের জন্য তাঁর লজ ভাড়া নিয়েছিল। রবিবার স্থানীয় বাসিন্দা আজগার আলি তাঁর দোকানে এসে বচসায় জড়িয়ে পড়েন। প্রথমে গ্রিল তৈরির জন্য দেওয়া টাকা ফেরত চান। পরে বিজেপিকে লজ ভাড়া দেওয়ার প্রসঙ্গ তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। আনসারের দাবি, ‘সংখ্যালঘু হয়ে বিজেপিকে লজ ভাড়া দিয়েছি বলেই আমাকে হুমকি দেওয়া হয়েছে।’

Advertisement

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। পরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। কাউন্সিলর যুগল সরকারের দাবি, অভিযুক্ত ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement