পশ্চিমবঙ্গে নির্বাচনী জয়ের পর নতুন স্লোগান ও গান সামনে এনেছে বিজেপি। ভোটের আগে শোনা গিয়েছিল— ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’। ক্ষমতায় আসার পর সেই স্লোগান বদলে এখন পদ্ম শিবিরের নতুন বার্তা— ‘পাল্টেছে এই বার, এল বিজেপি সরকার’। এই নতুন স্লোগানকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে প্রায় দু’মিনিটের একটি প্রচারমূলক গানও।
নির্বাচনের আগেই মালদহ ও সিঙ্গুরের জনসভা থেকে এই স্লোগানের মূল ভাবনা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই স্লোগানকে ভিত্তি করেই তৈরি হয়েছিল আগের প্রচার গান, যা ভোটের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয়তা পায়। এবার নির্বাচনী জয়ের পর সেই সাফল্যকে উদ্যাপন করতেই নতুন সংস্করণে গান ও স্লোগান প্রকাশ করেছে বিজেপি।
Advertisement
নতুন গানে উঠে এসেছে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন। শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং প্রশাসনিক পরিবর্তনের বার্তা তুলে ধরা হয়েছে সেখানে। গানের কথায় বলা হয়েছে, রাজ্যে শিক্ষা ‘ঊর্ধ্বমুখী পথে’ এগোবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি রাজনৈতিক ‘দাদাগিরি’ সংস্কৃতি বন্ধ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
Advertisement
এই নির্বাচনে অন্যান্য দলের মতোই বিজেপিও স্লোগান-ভিত্তিক গানকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অতীতে যেমন তৃণমূলের ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ স্লোগান জনপ্রিয় হয়েছিল, তেমনই এবার বিজেপির দাবি— তাদের গান মানুষের মধ্যে বেশি সাড়া ফেলেছে।
নতুন গানের ভিডিওতেও রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রতীকী উপস্থাপনা রয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক নেতার প্রচারের দৃশ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর মুখে ‘জয় মা কালী’ এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনিও গানটিতে বিশেষভাবে স্থান পেয়েছে।
বিজেপির মতে, এই নতুন গান শুধু উদ্যাপন নয়, বরং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকারও তুলে ধরছে। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবে কতটা রূপ পায় সেটাই এখন দেখার।
Advertisement



