রাজ্যে দুর্নীতি দমনে আরও কঠোর পদক্ষেপ নিতে নতুন আইন আনার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনে ঘোষণা করেছিলেন যে, একটি গুরুত্বপূর্ণ ও কঠোর দুর্নীতি-বিরোধী বিল আনা হবে। তবে চলতি অধিবেশনের শেষ দিনে সেই বিল পেশ করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। পরিবর্তে বিলটি পেশ করার জন্য আলাদা করে একদিনের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি শুরু হয়েছে।
বিধানসভা সূত্রে খবর, প্রস্তাবিত এই আইনের মূল লক্ষ্য হবে দুর্নীতির মাধ্যমে অর্জিত বেআইনি সম্পত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। রাজ্যের যে কোনও স্তরের সরকারি আধিকারিক, রাজনৈতিক ব্যক্তি বা অন্য কেউ দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করলে, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা থাকবে সরকারের হাতে। দুর্নীতি রোধে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে বিধানসভার বাজেট অধিবেশন চলছে এবং প্রথম পর্ব আগামী ২৫ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে। এরপর কিছুদিনের বিরতি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল ৬ জুলাই থেকে, তবে ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় অধিবেশন শুরু হবে ৭ জুলাই থেকে।
এদিকে নতুন বিলটির খসড়া তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সরকারি সূত্রে জানা গিয়েছে, আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিলের বিভিন্ন ধারা চূড়ান্ত করার কাজ দ্রুত গতিতে চলছে। আইনের মধ্যে যাতে কোনও ধরনের আইনি জটিলতা বা ফাঁকফোকর না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই কারণেই ২৫ জুনের মধ্যে বিলটি প্রস্তুত করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে আগামী ২৯ জুন একদিনের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করা হয়েছে। ওই দিনই বিলটি বিধানসভায় পেশ করা হতে পারে। সরকার মনে করছে, এই আইন কার্যকর হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হবে এবং বেআইনি সম্পদ অর্জনের প্রবণতার উপর কার্যকর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিল পাস হলে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিসরে বড় প্রভাব পড়তে পারে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।




