• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার ঘোষণা রাজ্য সরকারের

এর আগে রাজ্যে বার্ধক্য ভাতা প্রকল্প চালু থাকলেও মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ছিল বেশি আলোচনায়

বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার ঘোষণা রাজ্য সরকারের

রাজ্যে বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে নতুন বিজেপি সরকার। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে খবর, বর্তমানে মাসিক ১০০০ টাকা করে দেওয়া এই দুই ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে। যদিও কবে থেকে এই নতুন হার কার্যকর হবে, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি। খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে।

এর আগে রাজ্যে বার্ধক্য ভাতা প্রকল্প চালু থাকলেও মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ছিল বেশি আলোচনায়। পূর্বতন সরকারের আমলে সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও জনজাতির মহিলারা বেশি অর্থ পেতেন। পরে ভোটের আগে সেই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হয়।

অর্থের পরিমাণ বাড়িয়ে করা হয় ১৫০০ টাকা। আর তফসিলি জাতি ও জনজাতির মহিলাদের জন্য তা করা হয় ১৭০০ টাকা। সাধারণত ২৫ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন জানানো হয়েছিল, ৬০ বছর বয়স পার হলে মহিলারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই পরিমাণ অর্থ পাবেন।

তবে বার্ধক্য ভাতার ক্ষেত্রে বর্ধিত অর্থ কার্যকর হবে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিরোধীদের তরফেও এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই পরিস্থিতিতে নতুন সরকার এবার বিষয়টি স্পষ্ট করতে উদ্যোগী হয়েছে বলে মনে করা হচ্ছে।বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিল। সেই প্রকল্পে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরে নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে বিজেপি সরকারের হয়ে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী।

নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্প প্রসঙ্গে ইতিমধ্যেই জানিয়েছেন, আগের সরকারের কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। তবে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে যাচাই প্রক্রিয়া চালানো হবে। আগামী ১ জুন থেকে রাজ্যবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে বলে ঘোষণা করেছে বিজেপি সরকার। এবার বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়েও ঘোষণা করল রাজ্য সরকার।

বর্তমানে রাজ্যে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দপ্তর থেকেই বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির প্রস্তাব তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এই দুই ভাতার ক্ষেত্রে আগে মাসে ১০০০ টাকা করে দেওয়া হতো। সেই অর্থের পরিমাণ বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিভাবে ঘোষণা হলে রাজ্যের বহু প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।