আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফর শুরুর আগে সকালে নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ বিধানসভার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।
সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ির প্রবীণ বাম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের বাড়িতে যাবেন। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অশোক। সেই সময় মুখ্যমন্ত্রী ফোনে তাঁর খোঁজ নিয়েছিলেন। এবার সরাসরি দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেবেন।
এরপর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যাবেন। সেখানে উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি, বর্ষাকালীন বিপর্যয় মোকাবিলা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত থাকবেন।
প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি মানবিক কর্মসূচিও রয়েছে। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া পথ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একজন সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্রও প্রদান করবেন।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তরকন্যা ও শিলিগুড়ি শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত কর্মসূচি শেষ করে ওইদিনই তাঁর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান শেষ করে তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। এরপর শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠক শেষে বিকেলের বিমানে কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।




