শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগে বৃহস্পতিবার রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার টলিউডে ফেডারেশনের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। শুক্রবার সকালে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। জনরোষ থেকে বাঁচতে নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁকে আজ আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে টালিগঞ্জ এবং নিউ আলিপুর এলাকার একাধিক প্রোমোটার ও ব্যবসায়ীকে হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, টলিউডে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেও তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এরপরে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার স্বরূপকে গ্রেপ্তার করার পরে থানার সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়রা তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়েন। স্বরূপের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। পরে স্বরূপ বিশ্বাসকে লালবাজারে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, স্টুডিওপাড়ায় দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ তৈরি করেছিলেন স্বরূপ বিশ্বাস। তিনি প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং তৃণমূলের নিউ আলিপুর অঞ্চলের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবেও পরিচিত। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারি তৃণমূলের জন্য অশনি সংকেত হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন।




