• facebook
  • twitter
Friday, 8 May, 2026

বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দুই

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পথে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শুভেন্দু শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। শুক্রবার বিকেলে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে সর্বসম্মতিতে নেতা নির্বাচিত করা হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নবনির্বাচিত বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। রাজনৈতিক সূত্রের খবর, বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হলে উপস্থিত বিধায়কেরা সর্বসম্মতভাবে সেই প্রস্তাবে সমর্থন জানান। এরপরই আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিষদীয় দলের নেতা ঘোষণা করা হয়।

Advertisement

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর বাংলায় বিজেপির এই উত্থানের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি রাজ্যের বিরোধী রাজনীতির অন্যতম কেন্দ্রীয় মুখ হয়ে উঠেছিলেন। এবারের নির্বাচনে তাঁর নেতৃত্বে বিজেপি ঐতিহাসিক ফল করেছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Advertisement

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বাইরে শুক্রবার থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, আবির এবং ঢাকের শব্দে উৎসবের পরিবেশ তৈরি হয়। বহু কর্মী শুভেন্দুর নাম ধরে স্লোগান দিতে থাকেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠন ঘিরে কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গিয়েছে।

দলীয় সূত্রে খবর, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন।

নতুন সরকারের প্রথম কাজ কী হতে পারে, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনিক পরিবর্তন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্প বিনিয়োগের মতো একাধিক ইস্যুতে দ্রুত পদক্ষেপ করা হতে পারে বলে বিজেপি সূত্রে ইঙ্গিত মিলেছে।

বাংলার রাজনৈতিক ইতিহাসে এই পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পথে এগোল।

Advertisement