• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

দুর্গাপুরে শুভেন্দুর রোড শো, প্রশাসনিক বৈঠক ঘিরে তৎপরতা শিল্পনগরীতে

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে হুড খোলা গাড়িতে র‍্যালি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পনগরীজুড়ে তীব্র প্রশাসনিক তৎপরতা।

নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠককে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়ল দুর্গাপুর জুড়ে। শিল্পনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রশাসনিক আধিকারিক থেকে পুলিশকর্তা— সকলেই সকাল থেকে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে।

এদিন অন্ডাল বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে সড়কপথে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রীকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। পরে সিটি সেন্টার এলাকায় পৌঁছে দুই বিধায়ককে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে র‍্যালি করেন তিনি। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং দলীয় সমর্থকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

র‍্যালিকে কেন্দ্র করে সিটি সেন্টার এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। বিভিন্ন জায়গায় দলীয় পতাকা এবং ব্যানার নিয়ে সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের তরফে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

Advertisement

এরপর মুখ্যমন্ত্রী সোজা সৃজনী অডিটরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প, শিল্প পরিকাঠামো, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, নগরোন্নয়ন এবং প্রশাসনিক পরিষেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠককে গুরুত্ব দিচ্ছেন। জেলা ভিত্তিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখা এবং সরকারি পরিষেবার মানোন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছেন তিনি। দুর্গাপুরের বৈঠককেও সেই ধারাবাহিক প্রশাসনিক উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিল্পাঞ্চল দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের বার্তাও দিতে চেয়েছেন তিনি।

Advertisement