• facebook
  • twitter
Tuesday, 19 May, 2026

ডিভিসির সঙ্গে সংঘাত নয়, সমন্বয়ের পথে শুভেন্দু সরকার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ফের ‘দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটি’-তে রাজ্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

রাজ্যে সরকার পরিবর্তনের পর ডিভিসি নিয়ে অবস্থান বদল করল নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ফের ‘দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটি’-তে রাজ্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দু’বছর ধরে এই কমিটিতে কোনও প্রতিনিধি পাঠায়নি রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিসির বিরুদ্ধে সরব হয়েছিলেন।
রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে তিনি একাধিকবার ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ তুলেছিলেন। আগাম না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে তৎকালীন রাজ্য সরকার কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল।তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন।
সেই বৈঠকে জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে সমন্বয় বজায় রাখার বিষয়ে জোর দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে ডিভিসি রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে জল ছাড়বে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদেরও ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অতীতে ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য ও ডিভিসির মধ্যে একাধিকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার সেই পরিস্থিতি এড়াতেই সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। এদিকে বর্ষার আগে পুরসভাগুলোকেও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্ষাকাল আসার আগে নিকাশি ব্যবস্থা সংস্কার ও আবর্জনা পরিষ্কারের কাজ দ্রুত শুরু করতে হবে।

Advertisement

Advertisement